সুরমা টাইমস ডেস্কঃ আইনের শাসন, ন্যায়বিচার এবং সামাজিক শৃঙ্খলা রক্ষায় আইনজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি সতর্ক করে বলেন, বিচারহীনতার পরিবেশ তৈরি হলে রাষ্ট্রের সামাজিক কাঠামো দুর্বল হয়ে পড়ে।
শনিবার সিলেট জেলা আইনজীবী সমিতিতে নবীন আইনজীবীদের কর্মশালা ও বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সংবিধানে বর্ণিত মৌলিক অধিকার যেমন সমতা, জীবন ও ব্যক্তিস্বাধীনতা এবং মতপ্রকাশের স্বাধীনতা বাস্তবায়নে আইনজীবীরাই অগ্রণী ভূমিকা পালন করেন।
তিনি আরও বলেন, বাংলাদেশের বিচার বিভাগ ও আইনজীবী সমাজের রয়েছে গৌরবোজ্জ্বল ঐতিহ্য। স্বাধীনতার পর থেকে নানা প্রতিকূল সময়ে বিচারপতি ও আইনজীবীরা ঝুঁকি নিয়ে আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করেছেন। এই ধারাবাহিকতায় সিলেটের আইনজীবীরাও গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।
আইনজীবীদের উদ্দেশে অতীতের বিভাজন ভুলে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়ন ও বিচারব্যবস্থার অগ্রযাত্রায় কাজ করার আহ্বান জানান তিনি।
মন্ত্রী জানান, সিলেট জেলা আইনজীবী সমিতির জন্য নতুন ভবন নির্মাণের পরিকল্পনার পাশাপাশি আইনজীবীদের দক্ষতা বৃদ্ধিতে আধুনিক প্রশিক্ষণব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, আইন গবেষণা, কেস স্টাডি বিশ্লেষণ এবং আদালতে কার্যকর উপস্থাপনার ওপর নিয়মিত প্রশিক্ষণের ওপর জোর দেন তিনি।
এছাড়া অনলাইন জুয়া প্রতিরোধে কঠোর আইন প্রণয়নের উদ্যোগের কথাও তুলে ধরে তিনি বলেন, এ সংক্রান্ত একটি বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে, যা শিগগিরই পাস হবে বলে আশা করা হচ্ছে। মাদক মামলার দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগের কথাও জানান তিনি।
অনুষ্ঠানে সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট গোলাম ইয়াহইয়া চৌধুরী সুহেলের সভাপতিত্বে বিচার বিভাগীয় কর্মকর্তা, আইনজীবী নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিত্ব ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।





