সুরমা টাইমস ডেস্কঃ জার্মানির আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডয়চে ভেলের সঙ্গে কনটেন্ট পার্টনারশিপ চুক্তি করেছে সিলেটের অনলাইন সংবাদমাধ্যম সিলেট ভয়েস। গত ৮ জুন থেকে চুক্তিটি কার্যকর হয়েছে।
ডয়চে ভেলের ডিস্ট্রিবিউশন এশিয়া বিভাগের প্রধান ড্যানিয়েল ফোগেলগেজাং এবং সিলেট ভয়েসের সম্পাদক দ্বোহা চৌধুরী চুক্তিতে স্বাক্ষর করেন। এর আওতায় ডয়চে ভেলের সংবাদ, ছবি, ভিডিও ও অডিও কনটেন্ট সিলেট ভয়েসের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা যাবে।
এই চুক্তির ফলে পাঠকেরা সিলেটের স্থানীয় খবরের পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্তের গুরুত্বপূর্ণ সংবাদও সিলেট ভয়েসের মাধ্যমে জানতে পারবেন। বিশেষ করে গণতন্ত্র, মানবাধিকার, জলবায়ু পরিবর্তন, বাংলাদেশ ও দক্ষিণ এশিয়াবিষয়ক ডিডাব্লিউর বিশ্লেষণধর্মী প্রতিবেদন সিলেটের পাঠকদের কাছে পৌঁছাবে।
সিলেট ভয়েসের সম্পাদক দ্বোহা চৌধুরী বলেন, ডয়চে ভেলে শুধু একটি সংবাদমাধ্যম নয়, এটি বিশ্বজুড়ে সাংবাদিকতার মানদণ্ড। তাঁর মতে, এই চুক্তি সিলেট ভয়েসকে আন্তর্জাতিক মানের সংবাদ পরিবেশনের সুযোগ দেবে এবং সিলেটের সাংবাদিকতার জন্য একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে।
ডয়চে ভেলের এশিয়া অঞ্চলের ডিস্ট্রিবিউশন ম্যানেজার ম্যাক্সিমিলিয়ান পাইকার্ট সিলেট ভয়েসকে নতুন পার্টনার হিসেবে স্বাগত জানিয়ে বলেন, স্থানীয় সাংবাদিকতার শক্ত ভিত ও ডিজিটাল উপস্থিতির কারণে সিলেট ভয়েস ডিডাব্লিউর বস্তুনিষ্ঠ সংবাদ পূর্বাঞ্চল ও প্রবাসী সিলেটিদের কাছে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ডয়চে ভেলে জার্মান ফেডারেল আইন অনুযায়ী পরিচালিত একটি আন্তর্জাতিক সম্প্রচারমাধ্যম, আর সিলেট ভয়েস ২০১৭ সালে প্রতিষ্ঠিত একটি হাইপারলোকাল অনলাইন সংবাদমাধ্যম।





