গোলাপগঞ্জ প্রতিনিধিঃ সিলেটের গোলাপগঞ্জে সুরমা নদী থেকে অর্ধগলিত অবস্থায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় পৌর শহরের কাঁচাবাজার খেয়াঘাট সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা বিকেল ৪টার দিকে নদীতে একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ডাঙায় তোলে।
পুলিশের ধারণা, মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর। মরদেহ পচে যাওয়ায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
অতিরিক্ত পুলিশ সুপার (গোলাপগঞ্জ সার্কেল) শাহ আলম জানান, মরদেহের অবস্থা দেখে ঘটনাটি হত্যাকাণ্ড বলে সন্দেহ করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
মরদেহটি এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। পুলিশ জানিয়েছে, নিহতের পরিচয় শনাক্তে পার্শ্ববর্তী থানাগুলোতে বার্তা পাঠানো হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।





