জুবিন গর্গ মামলায় নতুন মোড়!

জুবিন গর্গ মামলায় নতুন মোড়! - Surma Times | Sylhet News

জুবিন গর্গ মামলায় নতুন মোড়! - Surma Times | Sylhet Newsসুরমা টাইমস ডেস্কঃভারতীয় সংগীতশিল্পী জুবিন গর্গের মৃত্যু মামলায় নতুন করে তৎপরতা শুরু হয়েছে। মামলার অন্যতম অভিযুক্ত এবং নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালের আয়োজক শ্যামকানু মহন্তর জামিন আবেদনের শুনানিতে আসাম সরকারকে নোটিশ দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট।

গত মঙ্গলবার (২৩ জুন) বিচারপতি বিভি নাগরত্ন ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ শ্যামকানু মহন্তর আবেদন শুনে আসাম সরকারকে তিন সপ্তাহের মধ্যে জবাব দিতে নির্দেশ দিয়েছেন। মামলার পরবর্তী শুনানি জুলাইয়ের শেষ সপ্তাহে হবে।

পটভূমি

২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালে অংশ নিতে গিয়ে জুবিন গর্গের মৃত্যু হয়। এ ঘটনায় আসামে ৬০টির বেশি এফআইআর দায়ের হয়। আসাম পুলিশের সিআইডি একটি বিশেষ তদন্তকারী দল (এসআইটি) গঠন করে তদন্ত শুরু করে।

তদন্তে শ্যামকানু মহন্তকে গ্রেপ্তার করা হয়। গত ১ অক্টোবর থেকে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন। এসআইটির অভিযোগপত্রে তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হয়েছে।

তবে সিঙ্গাপুর পুলিশের তদন্তে ভিন্ন চিত্র উঠে এসেছে। সেখানকার প্রতিবেদনে বলা হয়, মদ্যপ অবস্থায় লাইফ জ্যাকেট ছাড়া সমুদ্রে নামার পর দুর্ঘটনাবশত ডুবে মৃত্যু হয়েছে জুবিন গর্গের। সিঙ্গাপুর আদালতও একই পর্যবেক্ষণ দিয়েছে। কোনো ষড়যন্ত্র বা অপরাধমূলক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায়নি।

গুয়াহাটি হাইকোর্টের সিদ্ধান্ত

গত ২৯ মে গুয়াহাটি হাইকোর্ট শ্যামকানু মহন্তর জামিন আবেদন খারিজ করে দেন। আদালত বলেন, মামলার গুরুত্ব বিবেচনায় এখন জামিন দেওয়ার উপযুক্ত সময় হয়নি।

এখন সুপ্রিম কোর্ট আসাম সরকারের জবাবের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। শ্যামকানু মহন্তকে জামিন মিলবে কি না, তা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।

ঘটনাটি সংগীতপ্রেমীদের মধ্যে এখনও ব্যাপক আলোচনার বিষয়। জুবিন গর্গের মৃত্যুর রহস্য উন্মোচনে দুই দেশের তদন্তের বৈপরীত্য নিয়েও প্রশ্ন উঠছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article