সুরমা টাইমস ডেস্কঃ বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আগামী দুই থেকে আড়াই বছরের মধ্যে সিলেট-ঢাকা মহাসড়ককে ৬ লেনে উন্নীত করার কাজ শেষ হবে। পাশাপাশি অল্প কয়েক দিনের মধ্যেই চালু হতে যাচ্ছে সিলেটের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল, যা পরিচালনা করবে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়।
শুক্রবার (২৬ জুন) সিলেট জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘জেলা শিল্পকলা একাডেমি অ্যাওয়ার্ড ২০২৪-২৫’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
সিলেটের উন্নয়নে বড় বড় ঘোষণা
মন্ত্রী আরও বলেন, সিলেট মহানগরীর দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা সমাধানে ৪ হাজার কোটি টাকারও বেশি ব্যয়ে একটি বড় প্রকল্প হাতে নেওয়া হয়েছে। একইসঙ্গে সিলেট বিভাগের গ্রামীণ সড়ক উন্নয়নে প্রায় ৫ হাজার কোটি টাকা ব্যয় করা হবে।
নগরবাসীর জন্য সিলেট শহরে একটি ‘ফুসফুস’ গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি। সেখানে মানুষ অবাধে হাঁটাচলা করতে পারবেন এবং নির্মল পরিবেশে সময় কাটাতে পারবেন।
শিল্প-সংস্কৃতিতে সম্মাননা পদক
অনুষ্ঠানে শিল্প-সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ৫টি ক্যাটাগরিতে ৮ জন গুণীশিল্পী ও ২টি সৃজনশীল সাংস্কৃতিক সংগঠনকে জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা পদক ২০২৪-২৫ প্রদান করা হয়।
সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
মন্ত্রীর এসব ঘোষণা সিলেটবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। দীর্ঘদিনের অবকাঠামোগত সমস্যা সমাধানে সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।





