সিলেটে ব্যাটারিচালিত যানবাহনের ৩ দফা দাবিতে মানববন্ধন

সিলেটে ব্যাটারিচালিত যানবাহনের ৩ দফা দাবিতে মানববন্ধন - Surma Times | Sylhet News
সিলেটে ব্যাটারিচালিত যানবাহনের ৩ দফা দাবিতে মানববন্ধন - Surma Times | Sylhet News
৩ দফা দাবিতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ‘রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন, সিলেট জেলা’ শাখার উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত

সুরমা টাইমস ডেস্কঃ বিআরটিএর মাধ্যমে ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স ও চালকদের ড্রাইভিং লাইসেন্স প্রদানসহ ৩ দফা দাবিতে সিলেট মহানগরীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন, সিলেট জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আনিস খানের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক মাশরুখ জলিলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে শ্রমিকদের পক্ষ থেকে তিনটি দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো— ব্যাটারিচালিত যানবাহনের জন্য বিআরটিএ কর্তৃক লাইসেন্স প্রদান, চালকদের ড্রাইভিং লাইসেন্স দেওয়া, এবং সংশ্লিষ্ট অংশীজনদের অংশগ্রহণে একটি যৌক্তিক নীতিমালা প্রণয়ন।

বক্তারা বলেন, ব্যাটারিচালিত যানবাহন এখন সাধারণ মানুষের যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম। কিন্তু সুনির্দিষ্ট নীতিমালা না থাকায় শ্রমিকদের জীবিকা অনিশ্চয়তায় পড়েছে এবং সরকারও রাজস্ব সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। তারা দ্রুত লাইসেন্স ও নীতিমালা প্রণয়নের দাবি জানান।

সংগঠনের উপদেষ্টা অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন বলেন, সিলেটে গত দুই সপ্তাহ ধরে পুলিশের পরিচয়ে অটোরিকশার ব্যাটারি খুলে নেওয়ার অভিযোগ রয়েছে। তার অভিযোগ, জব্দের ক্ষেত্রে কোনো প্রাতিষ্ঠানিক রিসিট বা ডকুমেন্ট দেওয়া হচ্ছে না, যা শ্রমিকদের মধ্যে বিভ্রান্তি ও ক্ষোভ তৈরি করছে।

তিনি আরও বলেন, এ পরিস্থিতির সুযোগে চাঁদাবাজি ও লুটপাটের আশঙ্কা তৈরি হয়েছে। এমনকি জব্দ করা কিছু ব্যাটারি অবৈধভাবে বাজারে বিক্রি হয়ে যাওয়ার কথাও শোনা যাচ্ছে বলে তিনি দাবি করেন।

সমাপনী বক্তব্যে আনিস খান আশা প্রকাশ করেন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সিলেটের প্রায় ৩০ হাজার অটোরিকশা শ্রমিকের মানবিক দিক বিবেচনা করে দ্রুত এই দাবি বাস্তবায়নে উদ্যোগ নেবে। কর্মসূচিতে আরও বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ বুরহান উদ্দিন, রিকশা শ্রমিক নেতা নজির আহমেদ ও তাহের মিয়া। চা-শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সমন্বয়ক মনীষা ওয়াহিদও সংহতি জানান।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article