
সুরমা টাইমস ডেস্কঃ সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, মানবাধিকার মানুষের জন্মগত অধিকার, এটি কোনো অনুদান নয়। তিনি বলেন, নির্যাতনমুক্ত সমাজ গড়তে আইনগত ব্যবস্থার পাশাপাশি পারিবারিক ও সামাজিক মূল্যবোধ জাগ্রত করা জরুরি।
বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমি মিলনায়তনে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগ, সিলেট জেলা ও সিলেট মহানগর শাখার যৌথ উদ্যোগে আয়োজিত ‘আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, নির্যাতনের বিরুদ্ধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। কোথাও অন্যায় দেখলে চুপ না থেকে সম্মিলিতভাবে প্রতিবাদ করা এবং নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানো উচিত।
সভায় সভাপতিত্ব করেন বিএমবিএফ সিলেট বিভাগের সভাপতি, জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন বিএমবিএফ সিলেট বিভাগের সাধারণ সম্পাদক ও জাতীয় সদর দপ্তরের সেন্ট্রাল অর্গানাইজার মনোরঞ্জন তালুকদার।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ফুলকলি ফুড প্রোডাক্টস লিমিটেডের ডিজিএম ও বিএমবিএফ সিলেট বিভাগের উপদেষ্টা জসিম উদ্দিন খন্দকার। বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ.কে.এম শমিউল আলম, সিলেট বিভাগ গণদাবী পরিষদের সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমান, সুনামগঞ্জ সমিতি সিলেটের সভাপতি অ্যাডভোকেট মোজাক্কির হোসেন কামালী এবং শ্রীহট্ট সংস্কৃত কলেজের অধ্যক্ষ ড. দিলীপ কুমার দাশ চৌধুরী।
এছাড়া বিএমবিএফ ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা নির্যাতন প্রতিরোধে সামাজিক সচেতনতা, মানবাধিকার সুরক্ষা এবং ভুক্তভোগীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।





