সুরমা টাইমস ডেস্কঃ হোস্টেল সুবিধাসহ সিলেটের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর নারীশিক্ষা প্রতিষ্ঠান উইমেন্স মডেল কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১১টায় কলেজ প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।
কলেজের পৌরনীতি ও সুশাসন বিভাগের সিনিয়র প্রভাষক হেলাল হামামের সঞ্চালনায় এবং অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ তাপাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে শুরুতে কোরআন তেলাওয়াত করেন আইসিটি বিভাগের সিনিয়র প্রভাষক মো. আবু তালহা পাপ্পু।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইএসডি ফাউন্ডেশনের চেয়ারম্যান মনসুর আহমদ লস্কর। তিনি কলেজের শিক্ষকদের আন্তরিকতার প্রশংসা করেন এবং ভবিষ্যতে অভিভাবকদের প্রত্যাশা পূরণ ও ছাত্রীদের ভবিষ্যৎ গঠনে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি বলেন, ইএসডি ফাউন্ডেশন নারীশিক্ষা ও নারী উন্নয়নে কাজ করে যাচ্ছে এবং আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ তাপাদার পরীক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। তিনি আশা প্রকাশ করেন, শিক্ষার্থীরা চূড়ান্ত পরীক্ষায় সন্তোষজনক ফল অর্জন করে অভিভাবক ও শিক্ষকদের মুখ উজ্জ্বল করবে। তিনি আরও বলেন, ২০১৩ সালে শুরু হওয়া WMC আজ একটি পরিপূর্ণ শিক্ষাঙ্গনে পরিণত হয়েছে এবং ২০২৬ সালের ফলাফলের মাধ্যমে এ সাফল্য আরও বিস্তৃত হবে।
তিনি ১৩ বছরের অগ্রযাত্রায় দায়িত্ব পালনকারী শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান। পাশাপাশি শিক্ষার্থীদের কোনো ধরনের অসদুপায় অবলম্বন না করার আহ্বান জানান এবং বোর্ড পরীক্ষায় আত্মবিশ্বাসের সঙ্গে অংশ নিতে উৎসাহিত করেন।
এর আগে কলেজ উপাধ্যক্ষ জাকিয়া সুলতানা শিক্ষার্থীদের উদ্দেশে চূড়ান্ত প্রস্তুতির নানা দিকনির্দেশনা দেন। পরে শিক্ষার্থীদের মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করেন মাওলানা সালেহ আহমেদ। অনুষ্ঠানের শেষ পর্বে প্রধান অতিথি, অধ্যক্ষ ও অন্যান্য সিনিয়র শিক্ষকরা পরীক্ষার্থীদের হাতে প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড ও পরীক্ষার রুটিন তুলে দেন। শেষে শিক্ষার্থী ও অভিভাবকদের আপ্যায়ন করা হয়।





