সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা ২৪ জুন বিকেলে অনুষ্ঠিত হয়েছে। সভায় হোটেল সেক্টরে ন্যূনতম মজুরি, ৮ ঘণ্টা কাজ, সাপ্তাহিক ছুটি, নিয়োগপত্র ও পরিচয়পত্র প্রদানসহ শ্রম আইন বাস্তবায়ন এবং সর্বস্তরে রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানানো হয়।
ইউনিয়নের সভাপতি মো. ছাদেক মিয়ার সভাপতিত্বে এবং সহ-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের পরিচালনায় সভায় ১১তম জেলা সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়। এতে মীর মোহাম্মদ জসীম উদ্দিনকে আহ্বায়ক এবং ইমান আলী ও মো. সুনু মিয়া সাগরকে যুগ্ম আহ্বায়ক করা হয়।
সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ, বাংলাদেশ স’মিল শ্রমিক ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক রুহুল আমিন এবং জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা কমিটির দপ্তর সম্পাদক রমজান আলী পটু। এছাড়া সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দও বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, হোটেল-রেস্টুরেন্ট খাতে শ্রমিকদের চাকরির নিশ্চয়তা ও জীবনের নিরাপত্তা নেই। শ্রমিকরা যে বেতন পান, তা দিয়ে বর্তমান দ্রব্যমূল্যের বাজারে মাসের অর্ধেকও চলা কঠিন। তারা শ্রমিকদের ন্যায্য মজুরি ও অধিকার আদায়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
সভায় কোষাধ্যক্ষ মহিদুল ইসলাম ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সংগঠনের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন, যা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
এছাড়া জেলা কমিটির অবগতি ছাড়া গঠিত দক্ষিণ সুরমা উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটি বাতিল করা হয় এবং ওই উপজেলার সব কার্যক্রম সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়। পরে জেলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নতুন প্রস্তুতি কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি





