‘প্রতিশ্রুতি নয়, এখন চাই বাস্তব ফল’, জলবায়ু ইস্যুতে বিশ্বনেতাদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর

‘প্রতিশ্রুতি নয়, এখন চাই বাস্তব ফল’, জলবায়ু ইস্যুতে বিশ্বনেতাদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর - Surma Times | Sylhet News

‘প্রতিশ্রুতি নয়, এখন চাই বাস্তব ফল’, জলবায়ু ইস্যুতে বিশ্বনেতাদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর - Surma Times | Sylhet Newsসুরমা টাইমস ডেস্কঃ জলবায়ু সংকট মোকাবিলায় প্রতিশ্রুতি বাস্তবায়নে বিশ্বনেতাদের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এখন সময় অঙ্গীকারকে বাস্তব ফলাফলে রূপ দেওয়ার।

মঙ্গলবার চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ‘নিউ চ্যাম্পিয়নস’ সম্মেলনে বক্তব্যে তিনি বলেন, জলবায়ু কার্যক্রম কোনো ব্যয় নয়, বরং এটি ভবিষ্যৎ নিরাপত্তা ও টেকসই উন্নয়নের বিনিয়োগ।

প্রধানমন্ত্রী বলেন, কোনো দেশ একা জলবায়ু সংকট মোকাবিলা করতে পারবে না। এর জন্য প্রয়োজন বৈশ্বিক অংশীদারিত্ব, প্রযুক্তি হস্তান্তর এবং পর্যাপ্ত অর্থায়ন।

তিনি তিনটি অগ্রাধিকারের কথা তুলে ধরেন। ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য প্রতিশ্রুত সহায়তা বাস্তবায়ন, জলবায়ু অর্থায়ন সহজলভ্য করা এবং প্রশমন কার্যক্রমের পাশাপাশি অভিযোজন জোরদার করা।

বাংলাদেশের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে তিনি জানান, আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খনন, ২৫ কোটি গাছ রোপণ এবং নবায়নযোগ্য জ্বালানি থেকে ২০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও বলেন, পরিবেশবান্ধব শিল্প, পাটপণ্য, বৈদ্যুতিক যানবাহন এবং জাতীয় কার্বন বাজার গঠনের মাধ্যমে বাংলাদেশ সবুজ অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে।

প্রধানমন্ত্রী জানান, বিশ্বের শীর্ষ ১০০টি লিড প্রত্যয়িত কারখানার মধ্যে ৬৯টিই এখন বাংলাদেশের, যা সবুজ উৎপাদনে দেশের অগ্রগতির প্রমাণ।

তিনি বিশ্বনেতাদের উদ্দেশে বলেন, মতপার্থক্য ভুলে লাখ লাখ মানুষের জীবন রক্ষায় একসঙ্গে কাজ করতে হবে। কপ-৩১ সম্মেলনকে এ ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

বিশ্লেষকদের মতে, বৈশ্বিক জলবায়ু নেতৃত্বের প্রশ্নে বাংলাদেশের অবস্থানকে আরও জোরালোভাবে তুলে ধরলেন প্রধানমন্ত্রী।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article