সুরমা টাইমস ডেস্কঃ সদ্য প্রত্যাহার হওয়া আলোচিত জেলা প্রশাসক মো. সারওয়ার আলমকে ছয় লাখ ২৫ হাজার টাকার বেশি জরিমানা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি সুদমুক্ত গাড়ি ঋণের ‘গ’ ফরম (বন্ধকী ফরম) সময়মতো স্বাক্ষর না করায় এ জরিমানা ধার্য করা হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের গাড়ি সেবা শাখার উপসচিব মঈন উদ্দিন ইকবাল স্বাক্ষরিত চিঠিতে (স্মারক নং ০৫.০০.০০০০.০০০.১২৪.৮৯.০০০২.২৩.২৬৮) বলা হয়, ২০২০ সালের সুদমুক্ত ঋণ ও গাড়ি সেবা নগদায়ন নীতিমালা অনুযায়ী সারওয়ার আলমকে ৩০ লাখ টাকার অগ্রিম মঞ্জুর করা হয়েছিল। চুক্তি স্বাক্ষরের ৯০ দিনের মধ্যে ‘গ’ ফরম স্বাক্ষর না করায় ১৫ শতাংশ হারে জরিমানা দিতে হয়েছে তাকে।
৫০৭ দিনের বিলম্বে ৬,২৫,০৬৮ টাকা জরিমানা
চিঠিতে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ১ ডিসেম্বর ৯০ দিন অতিক্রান্ত হওয়ার পর ২০২৬ সালের ২২ এপ্রিল ‘গ’ ফরম স্বাক্ষর করা হয়। এ সময়কালে ৫০৭ দিনের জন্য ১৫ শতাংশ হারে মোট **৬ লাখ ২৫ হাজার ৬৮ টাকা ৪৯ পয়সা** জরিমানা করা হয়েছে। টাকাটি চালানের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে মন্ত্রণালয়কে জানাতে বলা হয়েছে।
তবে জরিমানার টাকা তিনি পরিশোধ করেছেন কি না, তা এখনও জানা যায়নি।
মাজার বিতর্কের মাঝেই জরিমানার খবর
উল্লেখ্য, হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স সিলগালা করার ঘটনায় ব্যাপক বিতর্কের পর গত রোববার সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসকের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়। তার প্রত্যাহার ঘিরে সিলেটে এখনও তোলপাড় চলছে।
জরিমানার বিষয়ে জানতে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকী সাহার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাঈদা পারভিন জানান, বিষয়টি তার জানা নেই।
সরকারি কর্মকর্তাদের সুদমুক্ত ঋণ নিয়ে নিয়মকানুন কঠোরভাবে মেনে চলার নির্দেশনা রয়েছে। এ ঘটনায় প্রশাসনিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।





