সুরমা টাইমস ডেস্কঃ দুই দিনের মালয়েশিয়া সফর শেষ করে চীনের দালিয়ান শহরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার রাতে কুয়ালালামপুর থেকে রওনা হয়ে স্থানীয় সময় রাত ১১টা ৫ মিনিটে দালিয়ান ঝুশুইজি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান দালিয়ানে পৌঁছালে লিয়াওনিং প্রদেশের ভাইস গভর্নর এবং চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তাদের স্বাগত জানান।
পরে বিমানবন্দর থেকে মোটর শোভাযাত্রায় প্রধানমন্ত্রীকে দালিয়ানের হোটেল শাংগ্রি-লাতে নিয়ে যাওয়া হয়, যেখানে তিনি দুই দিন অবস্থান করবেন।
জানা গেছে, দালিয়ানে অবস্থানকালে প্রধানমন্ত্রী একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন। এরপর তিনি বেইজিংয়ে যাবেন, যেখানে তার সরকারি সফরের মূল কার্যক্রম শুরু হবে।
এই সফরের অন্যতম আকর্ষণ হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ১৭তম ‘নিউ চ্যাম্পিয়নস’ বার্ষিক সভায় অংশগ্রহণ, যা ‘সামার দাভোস ফোরাম’ নামে পরিচিত।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তির প্রেক্ষাপটে এই সফর বিশেষ গুরুত্ব বহন করছে। এতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হওয়ার পাশাপাশি নতুন সহযোগিতার ক্ষেত্র তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
আগামী ২৬ জুন প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে। দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম বিদেশ সফর।
এর আগে মালয়েশিয়া সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠক করেন। এছাড়া দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারকসহ আরও দুটি চুক্তি স্বাক্ষরিত হয়।






