সিলেট মহানগরে সড়ক শৃঙ্খলা ফেরাতে অবৈধ ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে জোরালো অভিযান চালিয়েছে পুলিশ। বিশেষ এই অভিযানে একদিনেই ১৩টি রিকশা আটক করা হয়েছে।
সোমবার নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ এ অভিযান পরিচালনা করে। পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীর নির্দেশনায় এই কার্যক্রম পরিচালিত হয়।
অভিযান চালানো হয় নয়াসড়ক, কুমারপাড়া, আম্বরখানা বড়বাজার, শাহী ঈদগাহ, মেন্দিবাগ, হুমায়ূন রশিদ চত্বরসহ বিভিন্ন এলাকায়।
অভিযানকালে আটক করা ১৩টি ব্যাটারিচালিত রিকশা ডাম্পিংয়ে পাঠানো হয়েছে। একই সঙ্গে এসব রিকশা থেকে মোট ৫২টি ব্যাটারি অপসারণ করা হয়েছে।
পুলিশ বলছে, নগরীতে যানজট নিরসন, সড়ক নিরাপত্তা নিশ্চিত এবং অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে এই ধরনের অভিযান নিয়মিত চলবে।
সংশ্লিষ্টরা জানান, নগরবাসীর স্বার্থে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কঠোর অবস্থানে রয়েছে ট্রাফিক বিভাগ। বিজ্ঞপ্তি





