
সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুদীপ রঞ্জন সেন। তিনি বলেন, বৈষম্যহীন সমাজ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
সোমবার সন্ধ্যায় সিলেট নগরীর জিন্দাবাজারে শ্রী শ্রী জগন্নাথ জিউড় আখড়া সভা কক্ষে হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের কোতোয়ালী থানা কমিটি গঠন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সুদীপ রঞ্জন সেন বলেন, এই সংগঠনটি দীর্ঘদিন ধরে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে, যার সঙ্গে বিএনপির রাজনৈতিক দর্শনের মিল রয়েছে। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রবর্তিত ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’-এর কথা উল্লেখ করে বলেন, এর মূল দর্শনই হচ্ছে ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’, যেখানে প্রতিটি নাগরিকের সমান অধিকার ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে।
তিনি আরও বলেন, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে, তবেই সামাজিক স্থিতিশীলতা ও সম্প্রীতি বজায় রাখা সম্ভব।
সভায় সভাপতিত্ব করেন সিলেট মহানগর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তুহিন কান্তি নাগ এবং সঞ্চালনা করেন জেলা শাখার সদস্য সচিব রাজিব কুমার দে। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নারায়ন পুরকায়স্থ ফনি।
এ সময় সংগঠনের জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা বলছেন, নতুন কমিটি গঠনের মাধ্যমে তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও জোরদার হবে এবং সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়া সহজ হবে। বিজ্ঞপ্তি





