মৃত্যুতে থামে না দায়, পাশে শ্রমিক ইউনিয়ন, সিলেটে ১০ পরিবার পেল ৫ লাখ টাকা

মৃত্যুতে থামে না দায়, পাশে শ্রমিক ইউনিয়ন, সিলেটে ১০ পরিবার পেল ৫ লাখ টাকা - Surma Times | Sylhet News

মৃত্যুতে থামে না দায়, পাশে শ্রমিক ইউনিয়ন, সিলেটে ১০ পরিবার পেল ৫ লাখ টাকা - Surma Times | Sylhet Newsসুরমা টাইমস ডেস্কঃ সিলেটে মৃত্যুবরণকারী পরিবহন শ্রমিকদের পরিবারের পাশে দাঁড়িয়েছে জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন। সম্প্রতি নিহত ১০ শ্রমিকের পরিবারের হাতে নগদ ৫ লাখ টাকা তুলে দিয়েছে সংগঠনটি।

সোমবার সকালে দক্ষিণ সুরমার বাবনা পয়েন্টে ইউনিয়নের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিটি পরিবারকে ৫০ হাজার টাকা করে এই আর্থিক অনুদান প্রদান করা হয়। পুরো অর্থই দেওয়া হয়েছে ইউনিয়নের কল্যাণ তহবিল থেকে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি হাজী ময়নুল ইসলাম। পরিচালনায় ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আকবর রাজন। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন কোষাধ্যক্ষ আব্দুস শহিদ।

এ সময় উপস্থিত ছিলেন কার্যকরী সভাপতি সাহেব আলী, সহ-সভাপতি মানিক মিয়া, সহ-সাধারণ সম্পাদক মাহবুব মিয়া, সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত, প্রচার সম্পাদক হারিছ আলীসহ ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে হাজী ময়নুল ইসলাম বলেন, পরিবহন শ্রমিকরা সমাজের সবচেয়ে অবহেলিত শ্রেণির একটি। একজন শ্রমিকের মৃত্যু মানে একটি পরিবারের স্বপ্ন ভেঙে যাওয়া। তিনি বলেন, সরকারি ও বেসরকারি সহায়তা না থাকায় এসব পরিবার প্রায়ই সংকটে পড়ে।

তিনি আরও জানান, দায়িত্ব নেওয়ার পর থেকেই ইউনিয়ন ধারাবাহিকভাবে মৃত শ্রমিকদের পরিবারের পাশে দাঁড়াচ্ছে। ভবিষ্যতেও এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন তিনি।

সংশ্লিষ্টরা বলছেন, এমন উদ্যোগ শুধু আর্থিক সহায়তাই নয়, বরং শ্রমিক পরিবারগুলোর জন্য মানবিক সহমর্মিতার একটি বড় বার্তা।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article