সুরমা টাইমস রিপোর্টঃ প্রত্যাহার আদেশের একদিন পর সোমবার রাতেই সিলেট ছাড়ছেন জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম। তার বিদায়ের পর নতুন জেলা প্রশাসক যোগদান না করা পর্যন্ত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা ভারপ্রাপ্ত ডিসি হিসেবে দায়িত্ব পালন করবেন।
সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাঈদা পারভীন জানান, ডিসি মহোদয় সোমবার রাতেই সিলেট ছেড়ে যাওয়ার কথা রয়েছে। তার চলে যাওয়ার পর ভারপ্রাপ্ত ডিসি হিসেবে পিংকি সাহা দায়িত্ব নেবেন।
শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স সিলগালা নিয়ে বিতর্কের মধ্যে সারওয়ার আলমকে রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে সিলেটের জেলা প্রশাসকের পদ থেকে প্রত্যাহার করা হয়। তাকে মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে যোগ দিতে বলা হয়েছে। তবে প্রজ্ঞাপনে প্রত্যাহারের নির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি।
এদিকে প্রত্যাহারের আদেশের পরদিন সোমবার প্রায় ৭০০ বছরের প্রচলিত রেওয়াজ ভেঙে প্রথমবারের মতো শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা করা হয়। গণনায় জেলা প্রশাসনের স্থাপিত ৩টি ডেগ ও একটি দানবাক্স থেকে নগদ ১৭ লাখ ৬৫ হাজার ৫৫৯ টাকা এবং ৭ আনা সোনা পাওয়া যায়।
সাঈদা পারভীন আরও জানান, মাজারের টাকা সোনালী ব্যাংকে মাজারের নামীয় একটি হিসাবে রাখা হবে। পরবর্তীতে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
গত বৃহস্পতিবার মাজারের তিনটি ডেগ সিলগালা করে জেলা প্রশাসন এবং একইসঙ্গে নতুন দানবাক্স স্থাপন করে। মাজারের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনার কথা বলে এই পদক্ষেপ নেওয়া হলেও তা নিয়ে তীব্র সমালোচনা তৈরি হয়।
মাজার সংশ্লিষ্টদের অসন্তোষ ও ক্ষোভের মধ্যে রোববার ডিসি প্রত্যাহারের আদেশ আসে। এরপর রবি ও সোমবার সিলেটে বিক্ষোভও হয়। যদিও সারওয়ার আলম আগেই জানিয়েছিলেন, দানবাক্সের টাকা ১৫ দিন পর গণনা করা হবে—সেই ঘোষণার আগেই সোমবার তড়িঘড়ি করে গণনা শুরু হয়।





