বিদায়ের আগে সরগরম সারওয়ার আলম -খুলে দেওয়া হলো ডেগের তালা

বিদায়ের আগে সরগরম সারওয়ার আলম -খুলে দেওয়া হলো ডেগের তালা - Surma Times | Sylhet News

বিদায়ের আগে সরগরম সারওয়ার আলম -খুলে দেওয়া হলো ডেগের তালা - Surma Times | Sylhet Newsসুরমা টাইমস ডেস্কঃ সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারে সিলগালা করা তিনটি ডেগের তালা খুলে দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রশাসনের স্থাপন করা দানবাক্সগুলো খুলে সেগুলোর গত চার দিনের জমা অর্থ গণনা শুরু হয়েছে।

সোমবার (২২ জুন) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা প্রশাসন ও ওয়াক্ফ এস্টেটের তত্ত্বাবধানে এই গণনা কার্যক্রম চলে। পরে জানানো হয়, মাজারের দানবাক্সে চার দিনে ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা, ৭ আনা স্বর্ণালঙ্কার এবং কিছু বিদেশি মুদ্রা পাওয়া গেছে।

সদ্য প্রত্যাহার হওয়া জেলা প্রশাসক মো. সারওয়ার আলম মাজারে উপস্থিত থেকে এই কার্যক্রম তদারকি করেন। গণনা শুরুর কিছু সময় পর তিনি সেখান থেকে চলে যান। মোট ৩৬ জন স্বেচ্ছাসেবক এবং দরগাহ মাদ্রাসার শিক্ষার্থীরা গণনায় সহায়তা করেন।

গত বৃহস্পতিবার জেলা প্রশাসনের উদ্যোগে মাজারের তিনটি ঐতিহাসিক ডেগ সিলগালা করা হয় এবং নতুন দানবাক্স স্থাপন করা হয়। প্রশাসন দাবি করে, দানের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

তবে এ পদক্ষেপকে কেন্দ্র করে মাজার সংশ্লিষ্টদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয়। তারা প্রশাসনিক হস্তক্ষেপের নিন্দা জানায় এবং ঐতিহ্যবাহী ব্যবস্থায় হস্তক্ষেপ না করার দাবি তোলে।

এ ঘটনার মধ্যে রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসকের দায়িত্ব থেকে প্রত্যাহার করে মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করে। এরপর সোমবার সিলেটে তার বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে বিক্ষোভ, সড়ক অবরোধ ও অবস্থান কর্মসূচি পালন করা হয়।

উল্লেখ্য, সাদাপাথর লুটকাণ্ডের পর গত বছরের আগস্টে সারওয়ার আলম সিলেটের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নেন। কিন্তু মাত্র ১০ মাসের মাথায়ই তাকে প্রত্যাহার করা হলো। এ প্রত্যাহারকে ঘিরে সিলেটে এখনো তীব্র আলোচনা চলছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article