
সন্তানের অর্জনে অবদান রাখা মা-বাবাদের সম্মান জানাতে সিলেটে আয়োজন করা হয়েছে বিশেষ অনুষ্ঠান। এনজেএল হাসপাতাল ও ফাউন্ডেশনের উদ্যোগে ‘ষষ্ঠ এনজেএল গর্বিত মা-বাবা সম্মাননা’ প্রদান করা হয় রোববার (২১ জুন) বিকেলে নগরীর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সোলেমান হলে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুল কাইয়ূম চৌধুরী বলেন, আধুনিক যান্ত্রিক জীবনে অনেকেই মা-বাবার অবদান ভুলে যান, অথচ তাদের ত্যাগ ও ভালোবাসার কারণেই সন্তানেরা প্রতিষ্ঠিত হয়। তিনি বলেন, সমাজে বৃদ্ধাশ্রম সংস্কৃতি রোধে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ এবং নতুন প্রজন্মকে ক্যারিয়ারের পাশাপাশি মা-বাবার প্রতি দায়িত্বশীল হতে হবে।
এনজেএল হাসপাতাল ও ফাউন্ডেশনের চেয়ারম্যান, খ্যাতনামা ইএনটি বিশেষজ্ঞ ডা. নূরুল হুদা নাঈমের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর অছুল আহমদ চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস উন-নূর, মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক এম. আতাউর রহমান পীর এবং সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক সেলিম আউয়াল।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এনজেএল ফাউন্ডেশনের সদস্য সচিব এডভোকেট রেজাউল করিম তালুকদার এবং শুভেচ্ছা বক্তব্য দেন এডভোকেট আব্দুল মুকিত অপি। এছাড়া বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনরা বক্তব্য রাখেন।
এবার ছয়টি পরিবারের মা-বাবাকে সম্মাননা দেওয়া হয়। তারা হলেন—রসরাজ সরকার ও মালতী রানী সরকার; মরহুম আব্দুল মুছাত্তয়ীর চৌধুরী ও রহিমা বেগম; সৈয়দ মতিউর রহমান ও মাজেদা বেগম; মরহুম শেখ আতীব আলী ও মাজেদা আক্তার; মরহুম মিন্টু পাল ও সন্ধ্যা রানী পাল; এবং আব্দুর রকিব জাহাঙ্গীর ও মনোয়ারা বেগম।
অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্ত মা-বাবাদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। সন্তানদের পক্ষ থেকে ভালোবাসা ও শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে পুরো আয়োজনটি আবেগঘন পরিবেশে সম্পন্ন হয়।-বিজ্ঞপ্তি





