মৌলভীবাজার প্রতিনিধিঃ রংপুরে হোটেল শ্রমিক শাওনকে নির্মমভাবে হত্যার ঘটনায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে শ্রমিক মহলে। এ ঘটনার প্রতিবাদে মৌলভীবাজারে হোটেল শ্রমিক ইউনিয়নের উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় শহরের চৌমুহনায় সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি তারেশ চন্দ্র দাশ। এতে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা অংশ নেন।
বক্তারা বলেন, গত ১৬ জুন রংপুরে একটি হোটেলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শ্রমিক শাওনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় হোটেল মালিক মিজানুর রহমান মনুর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা।
সভায় নেতারা অভিযোগ করেন, দেশে একের পর এক শ্রমিক হত্যার ঘটনা ঘটলেও বিচার নিশ্চিত না হওয়ায় এই প্রবণতা বাড়ছে। শ্রমিকদের নিরাপত্তাহীনতা দিন দিন বাড়ছে বলেও তারা উল্লেখ করেন।
বক্তারা আরও বলেন, হোটেল শ্রমিকরা অমানবিক পরিবেশে কাজ করেও ন্যায্য মজুরি পান না। সরকার নির্ধারিত ন্যূনতম মজুরিও অনেক ক্ষেত্রে বাস্তবায়ন হচ্ছে না।
এ সময় শ্রমিক নেতারা মৌলভীবাজারের একটি হোটেলে ইউনিয়ন নেতার সঙ্গে অসদাচরণের ঘটনাও তুলে ধরে এর প্রতিবাদ জানান এবং শ্রম আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
সভা থেকে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত, নিরাপদ কর্মপরিবেশ ও শাওন হত্যার দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানানো হয়।





