সুরমা টাইমস ডেস্কঃ বাংলাদেশের মৌলভীবাজার জেলার কৃতী সন্তান আমিনুর রহমান কাবিদ যুক্তরাজ্যের সাউথ ওয়েলসের পন্টিপ্রিড টাউন কাউন্সিলের মেয়র নির্বাচিত হয়েছেন। এ অর্জন দেশের প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক আনন্দের সৃষ্টি করেছে।
পন্টিপ্রিড টাউন কাউন্সিলের বার্ষিক সভায় তাঁকে ২০২৬-২৭ মেয়াদের জন্য মেয়র হিসেবে নির্বাচিত করা হয়। এর আগে তিনি ২০২৫-২৬ মেয়াদে ডেপুটি মেয়রের দায়িত্ব সফলভাবে পালন করেন।
মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দান গ্রামের বাসিন্দা আমিনুর রহমান কাবিদ মরহুম আব্দুর রহমান ছুরুক মিয়ার ছেলে। ছাত্রজীবন থেকেই নেতৃত্বের পরিচয় দিয়ে আসা এই কৃতী সন্তান মৌলভীবাজার কলেজ ছাত্রলীগের দায়িত্ব পালন করেছেন। যুক্তরাজ্যে অভিবাসনের পরও তিনি কমিউনিটি সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। বর্তমানে তিনি লেবার পার্টির পন্টিপ্রিড সাউথ ইস্ট শাখার সাধারণ সম্পাদক এবং ট্রেফরেস্ট ওয়ার্ডের স্থানীয় কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করছেন।
এ ছাড়া তিনি স্কুল গভর্নর, পন্টিপ্রিড ফুডব্যাংক, রয়্যাল ব্রিটিশ লিজিয়নসহ বিভিন্ন জনকল্যাণমূলক প্রতিষ্ঠানের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।
তাঁর এই সাফল্যে মৌলভীবাজারবাসীসহ গ্রেটার সিলেট প্রবাসী কমিউনিটিতে উৎসবের আমেজ দেখা দিয়েছে। মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন ওয়ার্ল্ডওয়াইডের প্রতিষ্ঠাতা সভাপতি ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুরসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও কল্যাণমূলক সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। তাঁরা আমিনুর রহমান কাবিদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল দায়িত্ব পালন কামনা করেছেন।
মেয়র নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়ায় আমিনুর রহমান কাবিদ বলেন, আগামী এক বছরে তাঁর অন্যতম প্রধান লক্ষ্য হবে পন্টিপ্রিড মেন’স শেড চ্যারিটির জন্য তহবিল সংগ্রহ করা। পাশাপাশি শহরের নাগরিকদের কল্যাণ, সামাজিক সম্প্রীতি বৃদ্ধি এবং জনসেবামূলক কাজে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবেন বলে অঙ্গীকার করেন।
দেশের প্রবাসীদের এ ধরনের সাফল্য বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করে এবং নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করে বলে মনে করছেন কমিউনিটি নেতারা।





