গোলাপগঞ্জে মাদক, জুয়া, বিস্ফোরক উদ্ধার, পাগলা কুকুরে আহত ৯, একাধিক ঘটনায় চাঞ্চল্য

গোলাপগঞ্জে মাদক, জুয়া, বিস্ফোরক উদ্ধার, পাগলা কুকুরে আহত ৯, একাধিক ঘটনায় চাঞ্চল্য - Surma Times | Sylhet News

গোলাপগঞ্জে মাদক, জুয়া, বিস্ফোরক উদ্ধার, পাগলা কুকুরে আহত ৯, একাধিক ঘটনায় চাঞ্চল্য - Surma Times | Sylhet Newsগোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জে পৃথক অভিযানে মাদক ব্যবসায়ী আটক, অনলাইন জুয়া চক্রের সদস্য গ্রেপ্তার, উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক উদ্ধার এবং পাগলা কুকুরের হামলায় নারী-শিশুসহ ৯ জন আহত হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে লক্ষণাবন্দ ইউনিয়নের ঢাকা দক্ষিণ মুন্সিপাড়া এলাকায় অভিযান চালিয়ে দবির (৪৫) ও হাছান (২৬) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১২২ পিস ইয়াবা ও ৩৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

অন্যদিকে, শুক্রবার রাতে হেতিমগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে অনলাইন জুয়া চক্রের দুই সদস্য আবুল মিয়া (৩৫) ও মোস্তাক আহমদ রাজন (৩৬) কে গ্রেপ্তার করে র‌্যাব। তারা মোবাইল অ্যাপের মাধ্যমে সাধারণ মানুষকে লাভের প্রলোভন দেখিয়ে জুয়ার ফাঁদে ফেলত বলে জানিয়েছে র‌্যাব। এ ঘটনায় সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করা হয়েছে।

এছাড়া উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের উত্তর কানিশাইল এলাকায় পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র ও উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে একটি ওয়ানশুটারগান, ৬টি পাওয়ার জেল, ৮টি ডেটোনেটর, সেফটি ফিউজ ও দুটি টিয়ারশেল।

এদিকে, লক্ষণাবন্দ ইউনিয়নের করগ্রাম এলাকায় একটি পাগলা কুকুরের হামলায় নারী ও শিশুসহ অন্তত ৯ জন আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে ইউএনও মো. রফিকুল ইসলাম আক্রান্তদের দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন।

স্থানীয়দের অভিযোগ, এলাকায় ভবঘুরে কুকুরের উপদ্রব বেড়ে যাওয়ায় এমন ঘটনা ঘটছে। দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মাদক, সাইবার অপরাধ ও অন্যান্য অপরাধ দমনে অভিযান অব্যাহত রয়েছে।


★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article