
স্টাফ রিপোর্টার: রন্ধনশিল্পে নারীদের দক্ষতা কাজে লাগিয়ে রেস্টুরেন্ট ব্যবসাকে বড় প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সিলেট উইমেন চেম্বার অব কমার্সের সভাপতি লুবানা ইয়াসমিন শম্পা।
শুক্রবার রাতে নগরীর পূর্ব জিন্দাবাজারে আমানত রেস্টুরেন্টের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
লুবানা ইয়াসমিন বলেন, সিলেটের নারীরা রন্ধনশিল্পে তাদের সৃজনশীলতা ও নান্দনিকতার স্বাক্ষর রাখছেন। এই দক্ষতাকে পুঁজি করে রেস্টুরেন্ট ব্যবসা একটি সম্ভাবনাময় ক্ষেত্র হয়ে উঠতে পারে। ইতোমধ্যে অনেক নারী সাহস করে এই খাতে এগিয়ে আসছেন।
তিনি বলেন, নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও সহায়তার মাধ্যমে স্বাবলম্বী করে তুলতে উইমেন চেম্বার কাজ করছে। তবে এ ক্ষেত্রে সমাজের ইতিবাচক মনোভাব এবং সরকারের সহযোগিতা আরও বাড়ানো প্রয়োজন।
আমানত রেস্টুরেন্টের স্বত্ত্বাধিকারী মর্জিয়া খানমের সাফল্যের প্রশংসা করে তিনি বলেন, তার উদ্যোগ নতুন উদ্যোক্তাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমকর্মী ও বিশিষ্টজন উপস্থিত ছিলেন। শেষে রেস্টুরেন্টের পক্ষ থেকে গ্রাহকদের জন্য লটারি আয়োজন করা হয়, যেখানে বিজয়ীরা কক্সবাজার ও জাফলং ভ্রমণের সুযোগ পান।
রেস্টুরেন্টের স্বত্ত্বাধিকারী মর্জিয়া খানম বলেন, গ্রাহকদের ভালোবাসা ও আস্থাই তাদের এই পথচলার মূল শক্তি।





