স্টাফ রিপোর্টার: সিম কোম্পানির মেয়াদ ও প্যাকেজের নামে গ্রাহকদের হয়রানি বন্ধে দ্রুত ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচীর ঘোষণা দিয়েছে সিলেটের কয়েকটি সামাজিক সংগঠন।
শুক্রবার সন্ধ্যায় নগরীর উত্তর জল্লারপার এলাকায় সিলেট কল্যাণ সংস্থা, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত এক সভা থেকে এ হুঁশিয়ারি দেওয়া হয়।
সভায় বক্তারা অভিযোগ করেন, সিমের মেয়াদের অজুহাতে গ্রাহকদের কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে। এ ধরনের কার্যক্রম বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তারা।
তারা বলেন, দ্রুত সিম মেয়াদবিহীন ব্যবস্থা চালু ও প্যাকেজের অযৌক্তিক মূল্য নিয়ন্ত্রণ করা না হলে আগামী মাসে সিম কোম্পানিগুলোর বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
সভায় হযরত শাহজালাল রহ. এর মাজারের অর্থ প্রশাসনের আওতায় আনা এবং মাজার এলাকায় অনৈতিক কার্যক্রম বন্ধে উদ্যোগ নেওয়ায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানানো হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে সভায় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সভা থেকে আগামী ১ নভেম্বর জাতীয় যুব দিবস উপলক্ষে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্তও নেওয়া হয়।





