সিলেটে পরিবেশ সুরক্ষা ও জলবায়ু সচেতনতা বাড়াতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি চালিয়ে যাচ্ছে নকশী বাংলা ফাউন্ডেশন। এর অংশ হিসেবে বৃহস্পতিবার সিলেট সদর এয়ারপোর্ট এলাকার সাহেবের বাজার হাইস্কুল অ্যান্ড কলেজ ও হাজী শফিকুর রহমান আইডিয়াল একাডেমিতে বৃক্ষরোপণ করা হয়েছে।
সংগঠনের সভাপতি প্রিন্সিপাল মো. শাহীনুর রহমান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প বাস্তবায়নের অংশ হিসেবে এই কর্মসূচি পরিচালিত হচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় গাছ লাগানোর বিকল্প নেই।
তিনি আরও বলেন, বর্তমান সময়ে তাপমাত্রা বৃদ্ধি ও বায়ুদূষণ মোকাবেলায় বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। এ জন্য সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জরুরি।
কর্মসূচিতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। কয়েক শতাধিক শিক্ষার্থী এতে অংশ নেয়।
এসময় সাহেবের বাজার হাইস্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল মো. হারুনুর রশীদ, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জয়নালসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।





