রাজধানীর মঞ্চে আজ উঠছে সিলেটের আলোচিত নাটক ‘মহাকালের অন্তর্যাত্রা’। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে “নতুন নাটকের উৎসব–২০২৬”-এ নির্বাচিত নাটক হিসেবে আজ এটি মঞ্চস্থ হবে সেগুনবাগিচার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে।
সিলেটভিত্তিক নাট্যদল নাট্যায়ন সিলেটের প্রযোজনায় নির্মিত এই নাটকটি নির্দেশনা দিয়েছেন মোস্তাক আহমেদ এবং রচনা করেছেন এখলাছ আহমেদ তন্ময়। সারা দেশের নতুন নাটকের মধ্য থেকে বাছাইকৃত আটটি নাটকের একটি হিসেবে স্থান পাওয়া এই প্রযোজনা ইতোমধ্যে নাট্যাঙ্গনে প্রশংসা কুড়িয়েছে।
নাটকটির কাহিনিতে উঠে এসেছে জীবন ও মৃত্যুর মধ্যবর্তী এক রহস্যময় জগত। আত্মহত্যার মাধ্যমে জীবন শেষ করা কয়েকজন মানুষ সেখানে এসে নিজেদের সিদ্ধান্তের মুখোমুখি হয়। অনুশোচনা, উপলব্ধি আর জীবনের মূল্যবোধ নিয়ে এগিয়ে চলে নাটকের গল্প, যেখানে এক রহস্যময় চরিত্র তাদের সামনে তুলে ধরে বেঁচে থাকার দর্শন।
নির্দেশক মোস্তাক আহমেদ জানান, নাটকটিতে ইল্যুশনধর্মী মঞ্চভাষার মাধ্যমে জীবন-মৃত্যুর সংকটময় মুহূর্তকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। নাট্যকারের মূল বার্তা, হতাশা নয়, প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করাই মানুষের প্রকৃত শক্তি।
নাটকে অভিনয় করছেন মোস্তাক আহমেদ, এখলাছ আহমেদ তন্ময়, রুবেল আহমদ রাজ, শিপন আহমদ, এনামুল হক সামি, রিংকু মালাকার, সাদমান তন্ময় আদিয়ান, পারভেজ আহমদ ও রীমা দাস।
নেপথ্যে সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন নজরুল ইসলাম মনজুর ও তুহিন খান। মঞ্চ ও পোশাক পরিকল্পনা করেছেন মোস্তাক আহমেদ, আলোক পরিকল্পনায় খোয়াজ রহিম সবুজ এবং সংগীতে রয়েছেন রীমা দাস ও উত্তম কাব্য।
সংশ্লিষ্টরা বলছেন, জীবনবোধ ও আত্মসমালোচনার শক্ত বার্তা নিয়ে নির্মিত এই নাটক সমকালীন সমাজে নতুন চিন্তার খোরাক জোগাবে। নাট্যায়ন সিলেট সকল নাট্যপ্রেমীকে আজকের প্রদর্শনী উপভোগের আমন্ত্রণ জানিয়েছে। বিজ্ঞপ্তি





