আইইএলটিএস ফলাফলে বড় গড়মিল, হাজারো পরীক্ষার্থী ক্ষতিগ্রস্ত, কেমব্রিজকে কোটি টাকার জরিমানা

আইইএলটিএস ফলাফলে বড় গড়মিল, হাজারো পরীক্ষার্থী ক্ষতিগ্রস্ত, কেমব্রিজকে কোটি টাকার জরিমানা - Surma Times | Sylhet News
আইইএলটিএস ফলাফলে বড় গড়মিল, হাজারো পরীক্ষার্থী ক্ষতিগ্রস্ত, কেমব্রিজকে কোটি টাকার জরিমানা - Surma Times | Sylhet News
আইইএলটিএস ফলাফলে বড় গড়মিল, হাজারো পরীক্ষার্থী ক্ষতিগ্রস্ত, কেমব্রিজকে কোটি টাকার জরিমানা

সুরমা টাইমস ডেস্কঃ বিশ্বের অন্যতম জনপ্রিয় ইংরেজি দক্ষতা পরীক্ষা আইইএলটিএসের ফলাফল মূল্যায়নে বড় ধরনের প্রযুক্তিগত ত্রুটি ধরা পড়েছে। এই ঘটনায় পরীক্ষার অন্যতম পরিচালনাকারী সংস্থা কেমব্রিজ ইংলিশকে ৮ লাখ ৭৫ হাজার পাউন্ড জরিমানা করেছে যুক্তরাজ্যের নিয়ন্ত্রক সংস্থা অফকোয়াল, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ কোটি ৪২ লাখ টাকা।

অফকোয়াল জানিয়েছে, কম্পিউটারনির্ভর স্বয়ংক্রিয় মূল্যায়ন ব্যবস্থার ত্রুটির কারণে বিশ্বজুড়ে হাজারো পরীক্ষার্থীর ফলাফল ভুলভাবে প্রকাশিত হয়। ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রায় দুই বছর এই সমস্যা চলতে থাকে।

এই সময়ে প্রায় ৭৭ লাখ পরীক্ষার্থীর মধ্যে ৯৩ হাজার ৮৬৫টি উত্তরপত্র ভুলভাবে মূল্যায়িত হয় এবং ৬২ হাজার ৭৯৪ জন পরীক্ষার্থী প্রথমে ভুল স্কোর পান। পরে পুনর্মূল্যায়নে দেখা যায়, ২০ হাজারের বেশি পরীক্ষার্থীর স্কোর বেড়েছে, আর ১ হাজারের বেশি পরীক্ষার্থীর স্কোর কমিয়ে সংশোধন করা হয়েছে।

সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, ক্ষতিগ্রস্তদের মধ্যে ১ হাজার ১০৮ জন ছিলেন যুক্তরাজ্যের ভিসা সংক্রান্ত পরীক্ষার্থী। তাদের মধ্যে চারজন সরাসরি ভিসা যোগ্যতায় সমস্যায় পড়েন, যদিও পরে পুনরায় পরীক্ষা দিয়ে তা সমাধান করেন।

অফকোয়ালের নির্বাহী পরিচালক আমান্ডা সোয়ান বলেন, এই ধরনের পরীক্ষার ফলাফলের ওপর মানুষের জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নির্ভর করে। দীর্ঘদিন ধরে এমন ত্রুটি চলা গুরুতর ব্যর্থতা।

জানা গেছে, কেমব্রিজ ইংলিশের নিজস্ব মনিটরিং ব্যবস্থাও দীর্ঘদিন ত্রুটি শনাক্ত করতে ব্যর্থ হয়। ২০২৫ সালের সেপ্টেম্বরে সিস্টেম আপডেটের সময় বিষয়টি ধরা পড়ে।

এ ঘটনায় দুঃখ প্রকাশ করে কেমব্রিজ ইংলিশ জানিয়েছে, তারা ইতোমধ্যে ত্রুটি সংশোধন, ক্ষতিগ্রস্তদের সহায়তা এবং নতুন নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে ৬০ লাখ পাউন্ডের বেশি ব্যয় করেছে।

আইইএলটিএস কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের জন্য বিনামূল্যে পুনরায় পরীক্ষা বা সম্পূর্ণ ফি ফেরতের সুযোগ রাখা হয়েছে।

বিশ্বজুড়ে আইইএলটিএস পরীক্ষা যৌথভাবে পরিচালনা করে ব্রিটিশ কাউন্সিল, আইডিপি এবং কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article