সুরমা টাইমস ডেস্কঃ সিলেট, ১৬ জুন ২০২৬: সিলেট সদর সাবরেজিস্ট্রার অফিসে জাল দলিল তৈরি করে জমি রেজিস্ট্রি করতে এসে হাতেনাতে ধরা পড়লেন দুই দালাল। সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলিম উল্লাহ খানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
মঙ্গলবার বেলা ২টার দিকে সিলেট সদর সাবরেজিস্ট্রার অফিসে এ ঘটনা ঘটে। কামরুল ইসলাম (৪৮) ও তার সহযোগী মিটু (৪০) একটি জাল দলিল তৈরি করে জমি রেজিস্ট্রেশনের উদ্দেশ্যে সাবরেজিস্ট্রার মিনহাজ উদ্দিনের কাছে জমা দেন। দলিলটি যাচাই করার সময় সন্দেহ হলে সাবরেজিস্ট্রার তাৎক্ষণিকভাবে তাদের আটক করেন। পরে বিষয়টি নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জানানো হলে তিনি ঘটনাস্থলে এসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের সাজা দেন।
সিলেট দলিল লেখক সমিতির সভাপতি লোকমান মিয়া জানান, “আটক দুই ব্যক্তি সদর দলিল লেখক সমিতির কোনো সদস্য নন এবং তারা পেশাদার দলিল লেখক হিসেবেও পরিচিত নন। তারা দালালচক্রের সঙ্গে জড়িত ছিলেন। জাল দলিল প্রস্তুত ও ব্যবহারের অভিযোগে তাদের প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।”
এ ধরনের ঘটনায় সিলেটের রেজিস্ট্রি অফিসে জালিয়াতি রোধে কড়া নজরদারির দাবি জানিয়েছেন স্থানীয়রা। প্রশাসনের এমন তৎপরতাকে সাধুবাদ জানিয়ে অনেকেই বলছেন, জমি-জমা সংক্রান্ত জালিয়াতি বন্ধে এভাবে নিয়মিত অভিযান চালানো উচিত।
সিলেটবাসী এখন আশা করছেন, এই সাজার খবর ছড়িয়ে পড়লে দালালচক্রেরা কিছুটা হলেও সতর্ক হবে।





