সুরমা টাইমস ডেস্কঃ প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মৌলভীবাজার সফরকে কেন্দ্র করে সিলেটজুড়ে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। সফর সফল করতে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে সড়কের দুই পাশে শৃঙ্খলাবদ্ধভাবে দাঁড়িয়ে স্বাগত জানানোর আহ্বান জানিয়েছে সিলেট জেলা বিএনপি।
দলীয় সূত্র জানায়, বুধবার (১৭ জুন ২০২৬) সকাল ১০টা ১৫ মিনিটে তারেক রহমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। এরপর সিলেট নগরী অতিক্রম করে সড়কপথে মৌলভীবাজারে যাবেন তিনি। সেখানে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির তৃতীয় পর্যায়ের উদ্বোধন করবেন।
সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এমপি যৌথভাবে নেতাকর্মীদের উদ্দেশে বলেন, এ সফরকে ঘিরে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং দলীয় শৃঙ্খলা বজায় রেখে সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করতে হবে।
তারা দক্ষিণ সুরমা ও ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সর্বস্তরের জনগণকে সড়কের দুই পাশে অবস্থান নিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর আহ্বান জানান।
দলীয় নেতারা মনে করছেন, এ সফরের মাধ্যমে সিলেট ও মৌলভীবাজার অঞ্চলের রাজনৈতিক অঙ্গনে নতুন গতি সঞ্চার হবে এবং দলীয় কর্মীদের মধ্যে উদ্দীপনা আরও বৃদ্ধি পাবে।





