সিলেটে আয়োজিত স্মরণসভায় সাবেক রেক্টর অধ্যক্ষ মাওলানা ফরীদ উদ্দিন চৌধুরী (রহ.)-কে একাধারে নিবেদিত দাঈ, সংগঠক ও সমাজসেবক হিসেবে আখ্যায়িত করেছেন বক্তারা। তাঁর শিক্ষা বিস্তার ও সমাজকল্যাণে অবদানের কথা তুলে ধরে গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয়।
সোমবার দুপুরে শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল (স্নাতকোত্তর) মাদরাসার নাজিরেরগাঁও শাখায় আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন শাখার ইনচার্জ মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক মাওলানা হানীফ হোসাইন।
সভাপতির বক্তব্যে মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বলেন, অধ্যক্ষ ফরীদ চৌধুরী (রহ.) শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদান রেখে গেছেন এবং অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছেন। তিনি ছিলেন বিনয়ী, স্থির ও গাম্ভীর্যপূর্ণ ব্যক্তিত্বের অধিকারী। কম কথা বললেও তিনি ছিলেন স্পষ্টভাষী এবং মূল কথায় অভ্যস্ত। সমাজসেবায় তাঁর অবদানও ছিল উল্লেখযোগ্য।
তিনি আরও বলেন, কঠিন সময়েও ফরীদ চৌধুরী (রহ.) দৃঢ়তার সাথে দ্বীনি দায়িত্ব পালন করেছেন এবং সত্যের পথে অবিচল ছিলেন। তাঁর জীবনাদর্শ নতুন প্রজন্মের জন্য অনুসরণীয় বলে উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন শিক্ষক সিদ্দিকুর রহমান, আজিজুর রহমান, হাফিজ ইমরান আহমদ ও মাওলানা হোসাইন আহমদ। এছাড়া উপস্থিত ছিলেন শিক্ষক ওবায়দুল হক, খোরশেদ আলম মহসিন, মো. শাহীন আলমসহ মাদরাসার অন্যান্য শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
শেষে মরহুমের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। বক্তারা তাঁর আত্মার শান্তি কামনা করেন এবং পরিবারের সদস্যদের জন্য ধৈর্য কামনা করেন। বিজ্ঞপ্তি





