
সুরমা টাইমস ডেস্কঃ সিলেটে ব্যবসায়ী নেতৃত্বের ঐক্যের বার্তা জোরালো হলো নতুনভাবে। মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নবগঠিত কমিটিকে সংবর্ধনা দিয়ে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় একসাথে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছে সিলেট ব্যবসায়ী সমিতি।
সোমবার (১৫ জুন) দুপুরে নগরীর কালীঘাট এলাকার আমজাদ আলী রোডস্থ হয়রত শাহগাজী (রহ.) জামে মসজিদ মার্কেটের দ্বিতীয় তলায় সমিতির প্রধান কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নতুন নেতৃত্ব ব্যবসা-বাণিজ্যের প্রসার, বাজার ব্যবস্থার উন্নয়ন এবং সাধারণ ব্যবসায়ীদের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা সিলেটের সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিত করতে সকল ব্যবসায়ী সংগঠনকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সিলেট ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি হাজী মো: বাবুল হোসেনের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সামন ও সচিব মনোজ কুমার দাসের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক সৈয়দ জাহিদ উদ্দিন।
সংবর্ধিত অতিথিদের পক্ষে বক্তব্য রাখেন পরিষদের সভাপতি আব্দুল মুনিম মল্লিক মুন্না, সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেল, যুগ্ম সাধারণ সম্পাদক হোসেন আহমদ ও এনামুল হক বেলাল এবং কোষাধ্যক্ষ তাহমিদুল হাসান জাবেদ। তারা ব্যবসায়ীদের স্বার্থ সুরক্ষা, বাজার ব্যবস্থার শৃঙ্খলা এবং ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তুলতে একযোগে কাজ করার প্রতিশ্রুতি দেন।
এছাড়া অনুষ্ঠানে সিলেট ব্যবসায়ী সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ স্থানীয় মার্কেট ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করা হয় এবং সমিতির সভাপতি আলহাজ্ব নজরুল ইসলাম মুনিমের সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
শেষে সম্মিলিত মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। ব্যবসায়ীদের এই মিলনমেলা সিলেটের ব্যবসায়িক অঙ্গনে নতুন সমন্বয় ও শক্তির বার্তা দিয়েছে।





