
সুরমা টাইমস ডেস্কঃ সিলেট মহানগরীতে অবৈধ ব্যাটারিচালিত যানবাহন চলাচল করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। সোমবার সন্ধ্যায় প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, মানবিক বিবেচনায় ১ মে’র আগে ট্রাফিক পুলিশের জব্দ করা ব্যাটারিচালিত অবৈধ যানবাহন নির্দিষ্ট শর্তে ছাড়ার সিদ্ধান্ত হয়েছিল। তবে সম্প্রতি নগরীর রাস্তায় আবারও এসব যানবাহন চলাচল করতে দেখা যাচ্ছে, যা যানজট বাড়াচ্ছে এবং জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে।
এর আগে ২০ এপ্রিলের গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, ১ মে থেকে আটক করা ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইক, মিশুক ও টমটম কোনো অবস্থাতেই ফেরত দেওয়া হবে না এবং বিধি মোতাবেক তাৎক্ষণিক ধ্বংস করা হবে। পরে ১২ জুনের আরেক বিজ্ঞপ্তিতে মানবিক দিক বিবেচনায় শর্তসাপেক্ষে কিছু যানবাহন ছাড়ার কথা জানানো হয়।
সর্বশেষ বিজ্ঞপ্তিতে সিলেট মহানগর পুলিশ স্পষ্ট করে বলেছে, অবৈধ ব্যাটারিচালিত যানবাহন পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে জানানো হয়েছে।
সিএমপি কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটি জনসাধারণের অবগতির জন্য জারি করা হয়।





