গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জে পৃথক দুটি ঘটনায় একদিনে দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে ২০ লাখ টাকার ডাকাতি মামলার এক আসামি এবং বৈষম্যবিরোধী আন্দোলনের একাধিক মামলার আসামি রয়েছেন।
পুলিশ জানায়, গত ১১ মে রানাপিং এলাকায় সংঘটিত ডাকাতির ঘটনায় দায়ের করা মামলার তদন্তে জাহিদ হাসান ওরফে রগা অপু (৪০) নামে এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়। রোববার ভোরে তথ্যপ্রযুক্তির সহায়তায় রনকেলী এলাকা থেকে তাকে আটক করে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
পুলিশের দাবি, গ্রেপ্তারকৃত রগা অপুর বিরুদ্ধে ছিনতাই, হত্যা, মাদক ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।
অন্যদিকে, একইদিন সন্ধ্যায় গোলাপগঞ্জ পৌরসভার এমসি একাডেমি এলাকা থেকে গোলাপগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুছ ছামাদ জিলু (৫৪) কে গ্রেপ্তার করা হয়। তিনি তহিপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন সংশ্লিষ্ট একাধিক মামলায় তাকে আসামি করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গোলাপগঞ্জ মডেল থানার পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং অন্যান্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।




