সুরমা টাইমস রিপোর্টঃ রাজধানীর ধানমণ্ডির একটি বেসরকারি হাসপাতালের অষ্টম তলা থেকে পড়ে অভিনেত্রী আসমা ঝিলিকের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের দাবি, এটি দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত হত্যা। এ ঘটনায় ঝিলিকের স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। ছোট ও বড় পর্দার পরিচিত মুখ ঝিলিক জনপ্রিয় অভিনেতা শাকিব খানের সঙ্গে ‘রংবাজ’ সিনেমায় অভিনয় করেছিলেন।
নিহতের ভাই মোজাম্মেল হক অভিযোগ করেন, চিকিৎসার জন্য হাসপাতালে যাওয়ার পর স্বামী-স্ত্রীর মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ঝিলিককে অষ্টম তলা থেকে ফেলে দেওয়া হয় বলে তাদের ধারণা। এ ঘটনায় ধানমণ্ডি থানায় হত্যা মামলা দায়ের করেছে পরিবার।
তবে পুলিশ বলছে, প্রাথমিক তদন্তে হত্যার সুস্পষ্ট প্রমাণ এখনো পাওয়া যায়নি। ধানমণ্ডি থানার ওসি মো. সাইফুল জানান, ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
উল্লেখ্য, কয়েক বছর আগে অভিনয়ে নিয়মিত থাকলেও পরবর্তীতে পারিবারিক জীবনে মনোযোগ দিতে শোবিজ থেকে দূরে সরে যান আসমা ঝিলিক। এখন তার রহস্যজনক মৃত্যু ঘিরে নতুন করে প্রশ্ন উঠেছে।





