
সুরমা টাইমস ডেস্কঃ সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রেজাউল হাসান কয়েস লোদী। রবিবার তিনি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব বরাবর যোগদানপত্র জমা দিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন।
এর আগে ১১ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে অতিরিক্ত সচিব পদমর্যাদায় সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। আজ সচিবালয়ে মন্ত্রণালয়ের প্রশাসন শাখা তার যোগদানের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করে এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোকে বিষয়টি অবহিত করা হয়।
একই দিনে দেশের আরও সাতটি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানরাও দায়িত্ব গ্রহণ প্রক্রিয়ায় অংশ নেন। এর মধ্যে রয়েছেন খুলনা, রাজশাহী, কক্সবাজার, ময়মনসিংহ, রংপুর, কুমিল্লা ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যানরা।
মন্ত্রণালয়ের এক চিঠিতে নবনিযুক্ত চেয়ারম্যানদের সরকারি কার্যক্রমে সহায়তার জন্য নিরাপত্তা ও যাতায়াত সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে।
দায়িত্ব গ্রহণের পর নতুন চেয়ারম্যানসহ অন্য চেয়ারম্যানরা গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। আগামীকাল মন্ত্রণালয়ে তাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে।
সংশ্লিষ্ট মহল মনে করছে, সিলেটের পরিকল্পিত নগরায়ণ, অবকাঠামো উন্নয়ন এবং নাগরিক সেবা বৃদ্ধিতে নতুন চেয়ারম্যানের নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।





