সিলেট নগরীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনায় সম্ভাবনাময় পরিবর্তনের জন্য সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ‘বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ’কে ‘সবুজ সাথী সম্মাননা’ প্রদান করেছে পরিবেশবাদী সংগঠন সুরমা রিভার ওয়াটারকিপার ও ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), সিলেট শাখা।
বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে শনিবার (১৩ জুন) বেলা সাড়ে ১২ টায় সিলেট নগরীর মিরবক্সটুলাস্থ রয়েল মার্ক হোটেলে এ সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননা গ্রহণ করেন সিসিকের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবদীন। তিনি বলেন, এই অর্জন শুধু बर्ज্য ব্যবস্থাপনা বিভাগের নয়, সমগ্র সিলেট নগরবাসীর। এই সম্মাননা সিলেট মহানগরের বর্জ্য ব্যবস্থাপনায় আরও ইতিবাচক ও সম্ভাবনাময় পরিবর্তন আনবে।
সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ১০ লাখ লোকের বসবাস এই শহরে। ইতিহাস ঐতিহ্য ও পর্যটনের শহর হিসেবে সিলেটের পরিচিতি দেশ বিদেশে সর্বত্র আছে। তাই এই সুনাম ধরে রাখতে হলে সিলেট শহরকে পরিচ্ছন্ন রাখতে হবে।
ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়ক শরীফ জামিল বলেন, খারাপ বা ভুল কাজের সমালোচনা করা যেমন জরুরী তেমনি ভাল কাজের জন্য সম্মাননা জানানো ও পুরস্কার দেওয়াও জরুরী। এতে যারা কাজ করেন তাদের কর্মস্পৃহা বাড়ে। বিজ্ঞপ্তি





