এখন মাত্র ১০ দিনে ইউএস ভিসা সাক্ষাৎকার!

এখন মাত্র ১০ দিনে ইউএস ভিসা সাক্ষাৎকার! - Surma Times | Sylhet News

এখন মাত্র ১০ দিনে ইউএস ভিসা সাক্ষাৎকার! - Surma Times | Sylhet Newsসুরমা টাইমস, যুক্তরাষ্ট্র, ১৩ জুন: বিদেশি পর্যটক ও ব্যবসায়ীদের জন্য বড় সুবিধা আনছে যুক্তরাষ্ট্র। আগামী জুলাই থেকে নতুন প্রিমিয়াম ভিসা সেবা চালু করতে যাচ্ছে দেশটি। অতিরিক্ত ৭৫০ ডলার ফি দিলে মাত্র ১০ কর্মদিবসের মধ্যে ভিসা সাক্ষাৎকারের তারিখ পাওয়া যাবে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর ফেডারেল রেজিস্টারে প্রকাশিত অস্থায়ী বিধিমালায় এই পাইলট প্রকল্পের ঘোষণা দিয়েছে। বি১ ও বি২ ক্যাটাগরির ভিসা আবেদনকারীদের জন্য এ সুবিধা প্রযোজ্য হবে। পুরো প্রকল্পটি চলবে আগামী ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত।

বর্তমানে বি১ ও বি২ ভিসার আবেদন ফি ১৮৫ ডলার। প্রিমিয়াম সেবা নিলে মোট খরচ দাঁড়াবে ৯৩৫ ডলার। তবে কর্তৃপক্ষ স্পষ্ট করে জানিয়েছে, অতিরিক্ত টাকা দিলে শুধু সাক্ষাৎকারের তারিখ দ্রুত মিলবে। ভিসা অনুমোদনের সম্ভাবনা বাড়বে না।

প্রাথমিকভাবে সব দূতাবাস ও কনস্যুলেটে এ সেবা চালু হবে না। নির্বাচিত কয়েকটি মিশনে শুরু হবে। কোন কোন দূতাবাসে এই সুবিধা পাওয়া যাবে, তা পরে জানানো হবে।

মার্কিন সরকারের আশা, আগামী বছরগুলোতে আন্তর্জাতিক ভ্রমণকারীর সংখ্যা অনেক বাড়বে। বিশেষ করে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ এবং ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিককে সামনে রেখে ভিসা প্রক্রিয়ায় চাপ কমাতেই এই উদ্যোগ।

প্রকল্পটির মাধ্যমে দ্রুত সাক্ষাৎকার সেবার চাহিদা কতটা, তা পরীক্ষা করে দেখবে কর্তৃপক্ষ। সফল হলে ভবিষ্যতে এটি স্থায়ী করারও সম্ভাবনা রয়েছে।

তবে যেসব দেশের নাগরিকরা ভিসা ওয়েভার প্রোগ্রামের আওতায় ভিসা ছাড়াই যুক্তরাষ্ট্রে যেতে পারেন, তারা এই প্রিমিয়াম সুবিধার বাইরে থাকবেন।

বাংলাদেশি আবেদনকারীদের জন্য এই নতুন সেবা কতটা সুবিধা আনবে, তা নির্ভর করবে ঢাকাস্থ মার্কিন দূতাবাস এই প্রকল্পে অন্তর্ভুক্ত হয় কি না তার ওপর।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article