সুরমা টাইমস ডেস্কঃ
সিলেটের ঐতিহ্যবাহী হযরত শাহজালাল রহ. ও হযরত শাহপরান রহ. দরগাহর দানবাক্সে তালা দিয়েছে জেলা প্রশাসন। আয়-ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
জানা গেছে, এক মাসের জন্য দানবাক্সগুলো সিলগালা রেখে দরগাহর আয়-ব্যয়ের হিসাব যৌথভাবে যাচাই করবে জেলা প্রশাসন ও ওয়াক্ফ এস্টেট। এ সময় দানের উৎস, ব্যয়ের খাত এবং সার্বিক ব্যবস্থাপনা পর্যালোচনা করা হবে।
শাহজালাল রহ. মাজারের মোতোয়াল্লি ফতেহ উল্লাহ আল আমান বলেন, হঠাৎ করে এমন সিদ্ধান্তে তারা বিস্মিত। তিনি দাবি করেন, দরগাহর আয়-ব্যয়ে কোনো অস্বচ্ছতা নেই এবং এখানে নির্দিষ্ট কোনো স্থায়ী আয়ও নেই। বিভিন্নভাবে মানুষ দান করে থাকে, যার সবকিছু নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।
তিনি আরও অভিযোগ করেন, প্রশাসনের পক্ষ থেকে তাদের মতামত শোনার সুযোগ দেওয়া হয়নি। হিসাবপত্র থাকলেও তা উপস্থাপনের জন্য পর্যাপ্ত সময় পাননি বলেও জানান তিনি।
প্রতিদিন দেশ-বিদেশ থেকে হাজারো মানুষ এই দরগাহে এসে দান করেন। অর্থ, স্বর্ণালঙ্কার থেকে শুরু করে গবাদিপশুও দান করা হয়, যা দরগাহর গুরুত্বপূর্ণ আয়ের উৎস।
সম্প্রতি পরিকল্পনা কমিশনের নির্দেশনার পর জেলা প্রশাসকের সভাপতিত্বে এক সভায় দরগাহর হিসাব ডিজিটালাইজেশন, নিয়মিত অডিট এবং সুশৃঙ্খল ব্যবস্থাপনার বিষয়ে আলোচনা হয়। পূর্ববর্তী হিসাব আংশিক অস্বচ্ছ উল্লেখ করে আরও স্বচ্ছতা নিশ্চিতের ওপর জোর দেওয়া হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, এক মাস পর যাচাই-বাছাই শেষে দরগাহ ব্যবস্থাপনা নিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।





