চীনে ‘বাংলাদেশ ডে’, বিনিয়োগে বড় বার্তা দিল ঢাকা

চীনে ‘বাংলাদেশ ডে’, বিনিয়োগে বড় বার্তা দিল ঢাকা - Surma Times | Sylhet News
চীনে ‘বাংলাদেশ ডে’, বিনিয়োগে বড় বার্তা দিল ঢাকা - Surma Times | Sylhet News
গতকাল শুক্রবার চীন- দক্ষিণ এশিয়া এক্সপো এর ২য় দিনে “বাংলাদেশ ডে”র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি।

সুরমা টাইমস ডেস্কঃ চীনের কুনমিংয়ে আয়োজিত আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এবার আলাদা করে নজর কাড়ল বাংলাদেশ। “বাংলাদেশ ডে” উদযাপনে অংশ নিয়ে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির চীনকে বড় বার্তা দিয়ে বলেছেন, দুই দেশের সম্পর্ককে আরও গভীর ও ফলপ্রসূ করতে কাজ করছে নতুন সরকার।

শুক্রবার চীন-দক্ষিণ এশিয়া এক্সপোর দ্বিতীয় দিনে কুনমিংয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পারস্পরিক শ্রদ্ধা, সার্বভৌমত্ব, সমতা এবং শান্তি ও সমৃদ্ধির ভিত্তিতে বাংলাদেশ-চীন সম্পর্ককে আরও শক্তিশালী করা হবে। তিনি জোর দিয়ে বলেন, এই সম্পর্ক যেন দুই দেশের সাধারণ মানুষ সরাসরি উপকৃত হয়, সে লক্ষ্যেই কাজ করছে সরকার।

মন্ত্রী জানান, এবারের মেলায় বাংলাদেশের রেকর্ডসংখ্যক প্রতিষ্ঠানের অংশগ্রহণই এই ইতিবাচক সম্পর্কের বাস্তব প্রতিফলন। তিনি ইউনানের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ এবং বাংলাদেশ থেকে আরও বেশি পণ্য আমদানির আহ্বান জানান।

অনুষ্ঠানে চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম, ইউনান প্রদেশের ভাইস গভর্নর লিউ ইয়াংসহ দুই দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তারা বক্তব্য দেন। উপস্থিত ছিলেন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ এবং সরকারি-বেসরকারি প্রতিনিধিরা।

“ডেস্টিনেশন বাংলাদেশ, সম্ভাবনার এক অনন্য ভূমি” উল্লেখ করে মন্ত্রী বলেন, এটি শুধু স্লোগান নয়, বরং বিশ্ব বিনিয়োগকারীদের জন্য একটি উন্মুক্ত আমন্ত্রণ।

এদিন “বাংলাদেশ সোর্সিং উইথ কোয়ালিটি অ্যান্ড কম্পিটিটিভনেস” শীর্ষক এক সেমিনারও অনুষ্ঠিত হয়, যেখানে বাংলাদেশের রপ্তানি সম্ভাবনা ও প্রতিযোগিতামূলক সক্ষমতা তুলে ধরা হয়।

উল্লেখ্য, ১০ম চায়না সাউথ এশিয়া এক্সপো এবং ৩০তম কুনমিং আমদানি-রপ্তানি মেলায় বিশ্বের ৬৮টি দেশের প্রায় ২ হাজার ৩০০ প্রদর্শক অংশ নিয়েছে। এবারের আয়োজনে বাংলাদেশের ১০১টি প্রতিষ্ঠানের ১৭৫ জন প্রতিনিধি অংশ নিচ্ছেন, যা দেশের জন্য রেকর্ড।

বাংলাদেশ প্যাভিলিয়নে তৈরি পোশাক, টেক্সটাইল, ওষুধ, পাট, চামড়া, প্লাস্টিক ও হস্তশিল্পসহ বিভিন্ন খাতের পণ্য প্রদর্শিত হচ্ছে। মেলার দ্বিতীয় দিন মন্ত্রী নিজেও প্যাভিলিয়ন ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।

বাণিজ্য বিশ্লেষকদের মতে, এমন উচ্চপর্যায়ের অংশগ্রহণ ও কূটনৈতিক বার্তা ভবিষ্যতে বাংলাদেশ-চীন বাণিজ্য সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নিতে পারে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article