সুরমা টাইমস ডেস্কঃ সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী বলেছেন, পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের রাজনীতি করা উচিত নয়, তবে ছাত্র রাজনীতি থাকা দরকার এবং তা হতে হবে নিয়মতান্ত্রিক। তিনি শুক্রবার (১২ জুন) বিকেলে নগরীর একটি অভিজাত হোটেলে ইসলামিক ইউনিভার্সিটি অ্যালামনাই, সিলেট বিভাগ আয়োজিত অ্যালামনাই সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি আরও বলেন, ছাত্র রাজনীতি না থাকলে নেতৃত্ব তৈরি হবে না, কিন্তু শিক্ষকদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থাকলেও তাদের সরাসরি রাজনীতি করা উচিত নয়। ক্যাম্পাসের অস্থিতিশীলতার পেছনে অনেক সময় শিক্ষকদেরও ভূমিকা থাকে, যা কাম্য নয়।
অনুষ্ঠানে তিনি জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তার ওপরও জোর দেন। তাঁর ভাষায়, মতভেদ ও বিতর্ক থাকতে পারে, কিন্তু দেশের স্বার্থে সবাইকে এক থাকতে হবে। তিনি উদাহরণ দিয়ে বলেন, সরকার ও বিরোধী দলের সমন্বয়ে গঠিত একটি কমিটি অল্প সময়ের মধ্যেই জ্বালানি সংকট নিরসনে ভূমিকা রেখেছে, যা ঐক্যের গুরুত্ব প্রমাণ করে।
প্রধান আলোচক সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি আবুল হাসান বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা মণিমুক্তার মতো, আর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে ইবিয়ানদের নিযুক্ত হওয়া তাদের যোগ্যতার প্রমাণ। বিশেষ অতিথিরা ইবি অ্যালামনাইদের মেধা, নেতৃত্ব, ভ্রাতৃত্ব ও নৈতিকতার প্রশংসা করেন।
সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট সৈয়দ মহসিন আহমদ বলেন, দল-মতের ঊর্ধ্বে উঠে অ্যালামনাইদের সম্মান জানাতেই এই আয়োজন, এবং এই ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





