সুরমা টাইমস ডেস্কঃ সিলেটে হঠাৎ ভূমিকম্পে কেঁপে উঠেছে নগরী ও আশপাশের এলাকা। বৃহস্পতিবার রাত ৯টা ৪০ মিনিটের দিকে কয়েক সেকেন্ড স্থায়ী এই কম্পনে আতঙ্ক ছড়িয়ে পড়ে সর্বত্র।
আকস্মিক এই ভূমিকম্পে অনেকেই ঘরবাড়ি, অফিস ও বহুতল ভবন থেকে দ্রুত নিচে নেমে খোলা স্থানে আশ্রয় নেন। নগরীর বিভিন্ন এলাকায় আতঙ্কিত মানুষের ছোটাছুটি দেখা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, কম্পনের সময় ঘরের আসবাবপত্র ও ঝুলন্ত বস্তু দুলে ওঠে। যদিও সময় খুব অল্প ছিল, তবুও এর তীব্রতা বেশ স্পষ্টভাবে অনুভূত হয়।
ভূমিকম্পের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। সিলেটসহ দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ তাদের অভিজ্ঞতা শেয়ার করেন।
তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের উৎপত্তিস্থল, মাত্রা ও গভীরতা সম্পর্কেও তাৎক্ষণিকভাবে কোনো সরকারি তথ্য জানানো হয়নি।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে। হঠাৎ এই কম্পনে আতঙ্ক কাটিয়ে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।





