সুরমা টাইমস ডেস্কঃ সিলেটের এয়ারপোর্ট থানা এলাকায় পুলিশের অভিযানে চা বাগানের একটি দোকান থেকে বিপুল পরিমাণ চোলাইমদসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ৩৬ লিটার দেশীয় মদ।
বুধবার রাত আনুমানিক ৮টা ৫ মিনিটে এসআই বিধান দেবের নেতৃত্বে হিলোয়াছড়া তেলিহাটি চা বাগান এলাকায় অভিযান চালানো হয়। এসময় শুক্রা ও সরস্বতী ভ্যারাইটিজ স্টোর নামের একটি দোকানে তল্লাশি চালিয়ে ১৮ বোতলে রাখা মোট ৩৬ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়।
অভিযানে দেবেন্দ্র বৈদ্য নামে ৩৪ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি স্থানীয় হিলোয়াছড়া চা বাগান এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার পর এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে এবং এমন কার্যক্রম নিয়মিতভাবে চলবে।





