সিলেটে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসবকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে দেবালয় রথযাত্রা উদযাপন কমিটি। এ উপলক্ষে আগামী ১২ জুন শুক্রবার সকাল ১১টায় নগরের মির্জাজাঙ্গাল মণিপুরী রাজবাড়িস্থ শ্রীশ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়ায় এক সাধারণ সভার আয়োজন করা হয়েছে।
উদযাপন কমিটির সভাপতি এল প্রশান্ত কুমার সিংহ ও সাধারণ সম্পাদক নৃপেন্দ্র সিংহ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, রথযাত্রা সফল করতে সকল দেবালয়ের সেবায়িত, পরিচালক, সভাপতি, সম্পাদকসহ সংশ্লিষ্ট প্রতিনিধিদের নির্ধারিত সময়ে সভায় উপস্থিত থাকা জরুরি।
আয়োজকরা জানান, এই সভায় আসন্ন রথযাত্রা মহোৎসবের সার্বিক প্রস্তুতি, আয়োজন, নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার বিষয়গুলো নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে ধর্মীয় উৎসবের অংশ হিসেবে আগামী ২৯ জুন সোমবার শ্রীশ্রী জগন্নাথদেবের স্নানযাত্রা অনুষ্ঠিত হবে। এরপর ১৬ জুলাই বৃহস্পতিবার প্রথম রথযাত্রা এবং ২৪ জুলাই শুক্রবার উল্টো রথযাত্রা সিলেট নগরের রিকাবীবাজারস্থ রথযাত্রা প্রাঙ্গণে উদযাপিত হবে।
সংশ্লিষ্টদের মতে, প্রতিবছরের মতো এবারও রথযাত্রা উপলক্ষে সিলেটে ভক্তদের ব্যাপক সমাগম ঘটবে, তাই আগাম প্রস্তুতিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। -বিজ্ঞপ্তি





