সুরমা টাইমস ডেস্কঃ সিলেটের ধর্মীয় ও সামাজিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। বিশিষ্ট আলেম, সমাজসেবক ও জমিয়ত নেতা মাওলানা আব্দুল জব্বার রহ. ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার দিবাগত রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর।
মরহুম দীর্ঘ প্রায় তিন দশক ধরে জামিয়া আরাবিয়া ইমদাদুল উলূম লামনীগ্রাম মাদরাসার প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করেন। একই সঙ্গে তিনি জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সদস্য ও জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি এবং খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি সিলেট জেলা শাখার সহসভাপতি ছিলেন।
শুক্রবার দুপুর ৩টায় স্থানীয় ক্যাপ্টেন রশিদ মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষের ঢল নামে। প্রিয় এই আলেমকে শেষবারের মতো বিদায় জানাতে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। পরে লামনীগ্রাম মাদরাসা সংলগ্ন কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
মরহুমের জানাজায় ইমামতি করেন তাঁর ছেলে হাফিজ মাওলানা আসজাদ আহমদ। জানাজার আগে সংক্ষিপ্ত আলোচনায় আলেম, রাজনীতিক ও সমাজের বিশিষ্টজনরা তাঁর জীবন ও কর্ম তুলে ধরেন।
বক্তারা বলেন, মাওলানা আব্দুল জব্বার রহ. ছিলেন নিরহংকার, প্রজ্ঞাবান ও জনদরদি একজন আলেম। তিনি সারাজীবন দ্বীনের খেদমত, শিক্ষা বিস্তার ও সমাজ সংস্কারে নিবেদিত ছিলেন। তাঁর সততা, বিনয় ও মানুষের প্রতি ভালোবাসা তাঁকে সবার কাছে শ্রদ্ধেয় করে তুলেছিল।
তাঁরা আরও বলেন, তাঁর ইলম, তাকওয়া ও নেতৃত্বগুণ আগামী প্রজন্মের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। অসংখ্য ছাত্র ও অনুসারীর মাধ্যমে তাঁর আদর্শ সমাজে বেঁচে থাকবে।
এদিকে তাঁর ইন্তেকালে লামনীগ্রাম মাদরাসা কর্তৃপক্ষ, কেন্দ্রীয় ও স্থানীয় জমিয়ত নেতৃবৃন্দ, খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে। শোকবার্তায় নেতারা মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।





