
ঢাকা, ৯ নভেম্বর: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়েছেন। সোমবার তিনি ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে এ সংক্রান্ত আবেদন করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, ছাত্র-জনতার আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে ভারতে যাওয়ার পর এই প্রথম এ ধরনের আবেদন করলেন শেখ হাসিনা। ভারতে নির্বাসনে থাকা শেখ হাসিনার এই পদক্ষেপকে তাঁর বাংলাদেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নের সবচেয়ে স্পষ্ট ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা রয়েছে তাঁর।
রয়টার্সের মতে, তাঁর এই সম্ভাব্য ফেরা এমন এক সময়ে নতুন রাজনৈতিক ও আইনি উত্তেজনার জন্ম দিতে পারে, যখন তাঁর দল আওয়ামী লীগ বর্তমানে নিষিদ্ধ ঘোষিত। ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার কথা শেখ হাসিনা আগেই জানিয়েছিলেন। তিনি রয়টার্সকে বলেছিলেন, আদালতে আত্মসমর্পণ করতে তিনি দেশে ফিরতে চান। তাঁর সহযোগীরা সোমবার রয়টার্সকে জানান, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পরই দেশে ফেরার সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে।
বিবিসি বাংলার এক প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনে হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে গত বছরের ১৯ নভেম্বর পর্যন্ত ৬৬৩টি মামলা হয়েছে। এর মধ্যে হত্যা মামলা রয়েছে ৪৫৩টি। এসবের মধ্যে একটি মামলায় গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁর অনুপস্থিতিতেই মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করে। তবে ভারতে থেকেই তিনি এই অভিযোগগুলো অস্বীকার করে আসছেন।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সোমবার দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে পাঠানো এক চিঠিতে লন্ডনের আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বারসের আইনজীবীরা লেখেন, অন্তর্বর্তীকালীন সরকার ও অন্যান্য কর্তৃপক্ষের মাধ্যমে তাঁর বর্তমান বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিলের খবর পাওয়ার পরিপ্রেক্ষিতে আমাদের মক্কেলের জন্য একটি নতুন বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র ইস্যু করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে।
চিঠিতে বাংলাদেশি জাতীয়তার ভিত্তিতে এবং আন্তর্জাতিক মানবাধিকার কাঠামোর আওতাধীন বাধ্যবাধকতা অনুসারে এই আবেদনটি দ্রুত প্রক্রিয়াকরণের অনুরোধ জানানো হয়েছে। তবে এ বিষয়ে নয়াদিল্লিতে নিযুক্ত ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমান এবং ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের কার্যালয়ের মুখপাত্রদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
বিভিন্ন মেয়াদে দীর্ঘ ২০ বছর বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা শেখ হাসিনার এখনো দেশে জনগণের একাংশের সমর্থন রয়েছে। তাঁর দেশে ফেরা এমন এক সময়ে রাজনৈতিক বিভাজনকে আরও তীব্র করে তুলতে পারে, যখন বর্তমান সরকার গত দুই বছরের বেশি সময় ধরে চলা অস্থিরতা কাটিয়ে দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছে। অন্যদিকে শেখ হাসিনার এই পদক্ষেপে ভারতের সঙ্গে বাংলাদেশের টানাপোড়েন সম্পর্কের বরফ গলতে পারে। কারণ নয়াদিল্লি তাকে আশ্রয় দেওয়ার পর থেকেই দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কে মারাত্মক অবনতি ঘটে। তাঁর দল আওয়ামী লীগ, যা একসময় দেশের বৃহত্তম রাজনৈতিক দল ছিল, সরকার পতনের পর নিষিদ্ধ হয়েছে। বর্তমানে দলটির অনেক নেতাই কারাগারে বন্দি অথবা ভারতসহ বিভিন্ন দেশে আত্মগোপনে বা নির্বাসনে রয়েছেন।
সরকারের অবস্থান প্রসঙ্গে বিবিসি বাংলার প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনার দেশে ফেরার খবরের বিপরীতে বাংলাদেশ সরকারের অবস্থান খুব স্পষ্ট। গত বৃহস্পতিবার ঢাকায় এক ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সাফ বলেন, সন্ত্রাসী ও অপরাধীদের ফেরানোর জন্য কোনো পাসপোর্টের প্রয়োজন হয় না। বরং দুই দেশের বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে দেশে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া চলছে। প্রশ্ন রেখে তিনি বলেন, শেখ হাসিনা কি শ্বশুরবাড়িতে বেড়াইতে আসবেন যে তাকে পাসপোর্ট দিতে হবে। ভারত সরকারের কাছে তাকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তরের দাবি জানানো হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
বিবিসি বাংলার প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনার ডিসেম্বরে ফেরার ঘোষণার পর থেকেই দেশের বাইরে ও ভেতরে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা নতুন করে তৎপর হয়ে উঠেছেন। গত কয়েক মাসে দেশের বিভিন্ন স্থানে দলটির নেতাকর্মীদের ঝটিকা মিছিল করতে দেখা গেছে, যা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তারের সংখ্যাও বাড়িয়ে দিয়েছে। তবে ভারতে অবস্থানরত আওয়ামী লীগের একজন নেতা বিবিসি বাংলাকে বলেন, তাদের নেত্রীর বয়স এখন প্রায় আশি বছর। এই বয়সে তিনি লম্বা সময় রাজনীতিতে সক্রিয় থাকতে পারবেন না। ফলে তিনি এখন দেশের ভেতরে রাজনীতিতে ফিরতে যে কোনো ঝুঁকি নিতে চান।
বিদেশে অবস্থানরত দলটির অন্যতম মুখপাত্র মোহাম্মদ আলী আরাফাত বলেন, শেখ হাসিনা ঝুঁকি থাকলেও ডিসেম্বরে দেশে ফিরবেন। এই অবস্থানে অটল রয়েছেন তাদের নেত্রী। আর সেজন্য সারাদেশে তাদের দলকে সাংগঠনিক দিক থেকে গোছানো হয়েছে বলেও তিনি দাবি করেন। আলী আরাফাতের মতে, প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফেরত নেওয়া বিএনপি সরকারের জন্য বেশ কঠিন। তিনি নিজের ঘোষণা অনুযায়ীই দেশে ফিরবেন।
শেখ হাসিনার পাসপোর্ট আবেদন ও সম্ভাব্য ফেরাকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে। আইনি প্রক্রিয়া ও রাজনৈতিক বাস্তবতা কোন দিকে গড়ায়, তা নিয়ে সংশ্লিষ্টরা এখন অপেক্ষায়।






