
সুরমা টাইমস ডেস্কঃ ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জনমুখী ও কল্যাণমুখী বাজেটকে স্বাগত জানিয়ে সিলেট মহানগর বিএনপি বিশাল আনন্দ মিছিল ও সমাবেশ করেছে।
বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যায় নগরীর ঐতিহাসিক কোর্টপয়েন্ট থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি জিন্দাবাজারসহ নগরীর প্রধান প্রধান সড়ক ঘুরে চৌহাট্টায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী। তিনি বলেন, “ঘোষিত বাজেট দেশের সাধারণ মানুষের অর্থনৈতিক মুক্তি ও স্বস্তির জন্য যুগান্তকারী পদক্ষেপ। বৈশ্বিক মন্দা ও অভ্যন্তরীণ চ্যালেঞ্জ সত্ত্বেও সরকার সাধারণ মানুষের ওপর করের বোঝা না চাপিয়ে উন্নয়নমুখী বাজেট পেশ করেছে, যা প্রশংসার দাবিদার।”
‘তৃণমূলের ভাগ্য বদলের বাজেট’
সমাবেশ পরিচালনা করেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। তিনি বলেন, “এই বাজেট সব শ্রেণির মানুষের কল্যাণের কথা চিন্তা করে প্রণয়ন করা হয়েছে। কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান খাতকে গতিশীল করবে। অতীতে বাজেট এলেই সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিত। কিন্তু এবারের বাজেট খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে মধ্যবিত্ত ও ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি এনেছে। এটি তৃণমূলের ভাগ্য পরিবর্তনের বাজেট।”
মিছিল ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ-সভাপতি সৈয়দ মঈন উদ্দিন সোহেল, আফজাল হোসেন, আব্দুর রহিম মল্লিক, যুগ্ম সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব, শামীম মজুমদার, শুয়াইব আহমদ শোয়েব, আব্দুল ওয়াহিদ সুহেল, মঞ্জুরুল হাসান মঞ্জু, নাদির খানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
স্থানীয় নেতৃবৃন্দ বলেন, বাজেটে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ হয়েছে। এই ধরনের জনবান্ধব বাজেট দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।
মিছিলে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ দেখা যায়। সিলেট মহানগর বিএনপির এই কর্মসূচি নগরজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।





