সুরমা টাইমস ডেস্কঃ সিলেট মহানগরে ব্যবসা প্রতিষ্ঠান খোলার সময়সীমা সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত বাড়ানোর দাবিতে জোর আলোচনা হয়েছে। স্থানীয় ও জাতীয় পর্যায়ের ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং রাজনৈতিক নেতাদের সঙ্গে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নব-নির্বাচিত নেতৃবৃন্দের বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের চলমান ক্ষতি-ক্ষয়ের বিষয়টি গুরুত্বের সঙ্গে তোলা হয়। আলোচনায় অংশ নেওয়া জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দ খুব শিগগিরই ব্যবসায়ীদের জন্য ইতিবাচক সিদ্ধান্ত আসছে বলে আশ্বাস দিয়েছেন।
মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ সরকারের সব ধরনের সিদ্ধান্তের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন। একই সঙ্গে ব্যবসায়ীদের ধৈর্য ধরে অপেক্ষা করার আহ্বান জানানো হয়েছে।
নেতৃবৃন্দ বলেন, বর্তমান পরিস্থিতিতে ক্ষুদ্র ব্যবসায়ীরা সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন। তাই ব্যবসায়িক সময়সীমা বাড়ানো হলে তাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটবে।
সিলেটের ব্যবসায়ী মহলে এই আলোচনাকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। সিদ্ধান্ত চূড়ান্ত হলে রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখতে পারবেন ব্যবসায়ীরা।
আরও বিস্তারিত তথ্য জানা গেলে পরবর্তী প্রতিবেদনে জানানো হবে।





