সুরমা টাইমস ডেস্কঃ রিয়াদ: অবৈধভাবে বসবাস, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে এক সপ্তাহে ৭ হাজার ৭৬০ জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।
রোববার (৭ জুন) সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।
গত ২৮ মে থেকে ৩ জুন পর্যন্ত দেশজুড়ে চালানো অভিযানে এসব প্রবাসীকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে ৪ হাজার ৬৯০ জনকে ইতোমধ্যে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
গ্রেপ্তারের বিভাগভিত্তিক হিসাবঃ
- আবাসন আইন লঙ্ঘন: ৪ হাজার ৬০ জন
- সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘন: ২ হাজার ৫৭৪ জন
- শ্রম আইন লঙ্ঘন: ১ হাজার ১২৬ জন
এছাড়া অবৈধভাবে সীমান্ত পেরিয়ে প্রবেশের চেষ্টায় আরও ১ হাজার ১৮৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে ৭০ শতাংশ ইথিওপিয়ান, ২৮ শতাংশ ইয়েমেনি এবং বাকি ২ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ প্রবাসীদের আশ্রয় ও পরিবহনে সহায়তার অভিযোগে ১৬ সৌদি নাগরিককেও গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে ১৭ মে একদিনে ১১ হাজার ২৭২ জনকে বহিষ্কার করা হয়। বর্তমানে প্রায় ২১ হাজার ৭৭৪ জন প্রবাসী বিভিন্ন আইন লঙ্ঘনের দায়ে আইনি প্রক্রিয়াধীন রয়েছেন।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বারবার সতর্ক করে দিয়ে বলেছে, অবৈধ অনুপ্রবেশে সহায়তাকারীদের ১৫ বছরের কারাদণ্ড ও ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা হতে পারে।
বর্তমানে সৌদি আরবে প্রায় ৩ কোটি ৪৮ লাখ মানুষের মধ্যে লাখ লাখ অভিবাসী শ্রমিক কর্মরত রয়েছেন। দেশটিতে নিয়মিত অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে ধরপাকড় অভিযান চলছে।






