
সুরমা টাইমস ডেস্কঃ রোববার রাতে ফের ভূমিকম্পে কেঁপে উঠেছে সিলেট। রাত ১১টা ৪১ মিনিটে আঘাত হানা এ ভূমিকম্পে বড় ধরনের ঝাঁকুনি অনুভূত হয়। নগরীতে মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
অ্যান্ড্রয়েড আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেমের তথ্য অনুসারে, ভূমিকম্পের উৎপত্তি ভুটানের পুনাখা থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৩। সিলেট ছাড়াও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এ কম্পন অনুভূত হয়েছে। ভুটান, ভারত ও চীনেও ভূমিকম্প অনুভূত হয়।
তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে গত ২১ এপ্রিল সকালেও সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছিল। সিলেট অঞ্চল ভূমিকম্পপ্রবণ হওয়ায় নগরবাসী এখন চরম আতঙ্কে রয়েছেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।





