সুরমা টাইমস রিপোর্টঃ সিলেটের উৎমাছড়া সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে লোকজন জোর করে ঢোকানোর (পুশইন) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাৎক্ষণিকভাবে সতর্ক পদক্ষেপ নিয়ে চেষ্টাটি প্রতিহত করেছে।
বিজিবি জানিয়েছে, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। সম্ভাব্য পুশইন ঠেকাতে গোয়েন্দা নজরদারি, টহল ও অপারেশনাল কার্যক্রম ব্যাপকভাবে জোরদার করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক সীমান্ত ব্যবস্থাপনা, বিদ্যমান আইন ও দুই দেশের সমঝোতার পরিপন্থী যেকোনো পুশইন প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। সীমান্ত দিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে অবৈধভাবে প্রবেশ করতে দেওয়া হবে না।
দুই ভারতীয় নাগরিককে ফেরত পাঠানো হয়েছে
গত ২৪ ঘণ্টায় সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন উৎমাছড়া সীমান্ত এলাকায় সন্দেহভাজন দুই ব্যক্তিকে স্থানীয় বাসিন্দারা আটক করে বিজিবির কাছে হস্তান্তর করেন। যাচাই-বাছাইয়ের পর তাদের ভারতীয় নাগরিক হিসেবে শনাক্ত করা হয়। পরবর্তীতে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে তাদের ভারতে ফেরত পাঠানো হয়েছে।
বিজিবি বলছে, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় তারা সর্বদা দৃঢ়প্রতিজ্ঞ। সীমান্ত এলাকায় স্থানীয় জনগণের সহযোগিতা অব্যাহত থাকলে যেকোনো অবৈধ প্রবেশ প্রচেষ্টা সফলভাবে মোকাবিলা করা সম্ভব বলেও জানিয়েছে তারা।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে সতর্কতা বিরাজ করছে।





