
সুরমা টাইমস রিপোর্টঃ সিলেটে আধুনিক স্বাস্থ্যসেবার নতুন যুগ শুরু হতে যাচ্ছে। চীন সিলেটে এক হাজার শয্যার একটি বিশ্বমানের হাসপাতাল নির্মাণ করতে আগ্রহ প্রকাশ করেছে এবং প্রয়োজনীয় বিনিয়োগেরও প্রতিশ্রুতি দিয়েছে।
শ্রম, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী মঙ্গলবার চীনা বিনিয়োগকারী প্রতিনিধি দলকে সঙ্গে নিয়ে সিলেটের বিভিন্ন সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন। মন্ত্রী তার নির্বাচনী এলাকা সীমান্তবর্তী কোম্পানীগঞ্জ উপজেলায় হাসপাতালটি নির্মাণের বিষয়ে বিশেষ আগ্রহ দেখিয়েছেন।
পরিদর্শনকালে কোম্পানীগঞ্জের হাইটেক পার্কসহ বিভিন্ন স্থান দেখা হয়। আওয়ামী লীগ সরকারের আমলে শুরু হওয়া অর্ধসমাপ্ত হাইটেক পার্কে এই হাসপাতাল নির্মাণে চীনা প্রতিনিধি দলেরও ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া গেছে।
মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, “এক হাজার শয্যার হাসপাতাল নির্মাণের জন্য স্থান নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছে। চীন এতে বিনিয়োগ করবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে সিলেটসহ পুরো অঞ্চলের স্বাস্থ্যসেবায় বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে।”
চীনা প্রতিনিধি দলের সদস্য ও ‘বাই আপ ইনভেস্টমেন্ট লিমিটেড’র চেয়ারম্যান স্টোয়ার্ড চিয়ং বলেন, “প্রাথমিক পর্যায়ে স্থান পরিদর্শন ও সম্ভাব্যতা যাচাইয়ে আমরা আশাবাদী। প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব।”
স্থানীয়রা মনে করছেন, চীনের এই উদ্যোগ বাস্তবায়িত হলে সিলেটে স্বাস্থ্যসেবার নতুন দ্বার উন্মোচিত হবে এবং উন্নত চিকিৎসার জন্য আর ঢাকা বা বিদেশে ছুটতে হবে না।
প্রকল্পটির স্থান নির্ধারণ ও সম্ভাব্যতা যাচাইয়ের কাজ দ্রুত এগিয়ে চলছে বলে জানা গেছে।





